দিল্লির কনস্টিটিউশন ক্লাবে জয়া বচ্চনের মেজাজ হারানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ঘটনার পর কঙ্গনা রানাওয়াতের কড়া সমালোচনা প্রকাশ্যে। বিস্তারিত পড়ুন।

কঙ্গনা রানাউত ও জয়া বচ্চন
শেষ আপডেট: 13 August 2025 11:30
দ্য ওয়াল ব্যুরো: অনুরাগী থেকে সহকর্মী, সবার সামনে বারবার গম্ভীর মেজাজে ধরা দিয়েছেন জয়া বচ্চন। ক্যামেরার চোখে পড়লেই তিনি বিরক্ত হয়ে ওঠেন, এমনকি অনুরাগীদের কাছেও কাছে যেতে দেন না। কিন্তু ১২ আগস্ট, মঙ্গলবার যে ঘটনা ঘটল, তাতে সবাই চমকে উঠেছেন।
সেদিন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সমাজবাদী পার্টির সংসদ সদস্য জয়া বচ্চন আবারও প্রকাশ্যে রেগে যাওয়ার নজির স্থাপন করলেন। এবার শুধু রেগে যাওয়া নয়, এক অনুরাগীর ওপর হাতও তুললেন তিনি। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, জয়া বচ্চন যখন দাঁড়িয়ে কথা বলছিলেন, তখনই একজন ভদ্রলোক অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে এগিয়ে আসেন।
শুরুতে কিছু বুঝতে না পারলেও পরে তিনি ওই ব্যক্তিকে সজোরে ঠেলে দেন। ঘটনাটি অপ্রত্যাশিত হওয়ায় ওই ব্যক্তি কিছুটা হতবাক হন, আর আশেপাশের লোকজনও অবাক হয়ে তাকিয়ে থাকেন। এরপর রেগে যাওয়া অবস্থায় জয়া বচ্চন ঘটনাস্থল ত্যাগ করেন।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কঙ্গনা রানাউত তাঁর X (টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, “অত্যন্ত অসভ্য ও স্বার্থপর একজন মহিলা। মানুষ শুধু তিনি অমিতাভ বচ্চনের স্ত্রী হওয়ায় তাঁর মেজাজ সহ্য করছেন। লাল শাড়ি আর সমাজবাদী পার্টির টুপি পরে তিনি যেন ঝগড়াটে মোরগের মতো দেখতে লাগছেন। নিন্দাজনক।”
তবে কঙ্গনার এবং জয়ার বিরোধ নতুন নয়। ২০২০ সালে যখন জয়া বচ্চন বলিউড ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করেছিলেন, তখন কঙ্গনা তার তীব্র বিরোধিতা করেছিলেন। কঙ্গনা তখন জবাবে লিখেছিলেন, “জয়া জি, যদি আপনার মেয়ে শ্বেতাকে কিশোর বয়সে মারধর, মাদকাসক্তি ও শ্লীলতাহানির সম্মুখীন হতে হত, আর অভিষেককে ক্রমাগত হয়রানি ও দমিয়ে রাখা হত, এমনকি নিজের জীবন শেষ করার কথা ভাবত, তাহলে আপনি কি একই কথা বলতেন? তখন আমাদের জন্যও সহানুভূতি দেখাতেন?”
তবে সব সময় কঙ্গনার বক্তব্য জয়া বচ্চনের বিরুদ্ধে হয় না। গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “জয়া বচ্চন আমাদের চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ মহিলা। রাজ্যসভায় যেভাবে নিজেকে তিনি পরিচালনা করেন, তা সত্যিই প্রশংসনীয়।”