
শেষ আপডেট: 26 December 2020 06:52
ক্রিসমাসের দিন লাল ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় ছবি করেছেন জয়া আহসান। একরঙা পোশাকের সঙ্গে সেজেছেন হিরের নজরকাড়া গয়নায়। ছিমছাম। তবে ভীষণ এলিগেন্ট। একগাদা গয়নায় সাজেননি তিনি। শুধু হাতে পরেছেন ব্রেসলেট। কানে একটু লম্বা দুল। আঙুলে পরেছেন তিনটে স্মার্ট ডিজাইনের আংটি। ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, "ক্রিসমাস শুধু একদিনের জন্য নয়। প্রতিদিনের জন্য। ভালবাসায়, ভালরাখায় ভরিয়ে দেওয়া উচিত প্রতিদিন।"
জয়ার নাম করলেই চোখের সামনে ভেসে ওঠে কপালে সিঁদুর ধেবড়ানো 'পদ্মা'র মুখ। এপার বাংলার বেশিরভাগ মানুষই এ বিষয়ে সহমত হন। বিসর্জনে তাঁকে দেখার পর থেকেই বাংলায় তৈরি হয়ে গেছে তাঁর আলাদা ফ্যান ক্লাব। নিজের দেশের ছবির কাজে যেমন ব্যস্ত থাকেন, তেমনই এ বাংলার ছবির কাজের চাপও পড়ে তাঁর উপর। কাজের সুবিধের জন্য কলকাতায় বাসা বেঁধে তাঁকে থাকতে হয় বছরের অনেকটা সময়।
বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী কলকাতায় এসে মাত্র কয়েকবছরের মধ্যে নিত্যনতুন চরিত্রে অভিনয় করে রীতিমতো চমকে দিয়েছেন সকলকে। অন্যদিকে ফ্যাশন ফটোশ্যুটের জন্যেও জয়া কলকাতার ফোটোগ্রাফার, ডিজাইনারদের কাছে ভীষণ প্রিয়। টলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে নতুন সিনেমার স্ক্রিপ্ট তাঁর হাতে রয়েছে। নতুন বছরেই হয়তো তাঁকে ফের আবার বড় পর্দায় দেখা যাবে, তার জন্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর পাগল অনুরাগীরা।