
জাভেদ আখতার এবং শাবানা আজমি
শেষ আপডেট: 25 November 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা-চলচ্চিত্র পরিচালক ফারহান আখতার বেশ কয়েকবার তাঁর বাবা জাভেদ আখতার এবং অভিনেত্রী শাবানা আজমির বিয়ে নিয়ে মুখ খুলেছেন। সামনে এনেছিলেন বিয়ের সময়ের জটিল পরিস্থিতির কথা।উল্লেখ করেন বাবার ব্যবহারকে 'বিশ্বাসঘাতকতা' বলেও মনে হয়েছিল তাঁর।
আর এবার স্বয়ং জাভেদ আখতার বিয়ে ব্যাপারটা নিয়ে মুখ খুললেন। তাঁর মতে এটা একটা 'বেকার কাজ'। ঘটনাটা হল, এক সঙ্গে অনেক বসন্ত কাটিয়ে শাবানা-জাভেদ একটা জিনিস বিলক্ষণ বুঝেছেন যে, বিয়ে বিষয়টাকেই খুব একটা পাত্তা দেওয়া উচিত না।
১৯৮৪ সাল থেকে বিবাহিত জাভেদ-শাবানা। অথচ তার পরেও কেন এই ধারণা তারকা জুটির? এক সংবাদমাধ্যমে খোলসা করে জাভেদ বলেন, 'বছরের পর বছর ধরে এই প্রথা চলে আসছে। বছরের পর বছর ধরে পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের মতো বিষয় হল বিয়ে।'
গোটা সমাজের কাছে তাঁদের বিবাহিত তকমা থাকলেও নিজেদের মন থেকে বিবাহিত মানতে নারাজ এই জুটি। স্বামী -স্ত্রীর বদলে নিজেদের সম্পর্কটাকে বন্ধুত্ব হিসেবেই দেখতে পছন্দ করেন তাঁরা। সম্পর্ক মানেই জাভেদের কাছে সম্মান, শ্রদ্ধা আর ভরসা বজায় রাখা। তাঁর মতে, যে সম্পর্কে এসব কিছুই নেই, সেটা কোনও সম্পর্কই না।