.png)
‘ভাগম ভাগ-২’ আসছে
শেষ আপডেট: 23 November 2024 11:33
দমফাটানো একেবারে হাসির হিন্দি ছবিটির কথা মনে আছে? যেখানে প্রায় প্রত্যেকেই দৌড়তে থাকে। ছবির নামও অবশ্য এই দৌড়াদৌড়ি নিয়েই। ব্লকবাস্টার কমেডি ফিল্মটির নাম ‘ভাগম ভাগ’!
বলিউডের অন্দরমহলে খবর ছড়িয়ে গিয়েছে মুক্তির ১৮ বছর পর ফের ফিরছে সে ছবি। সোশ্যাল মিডিয়ার দৌলতে এতগুলো বছর ধরে ‘ভাগম ভাগ’-এর বেশ কিছু দৃশ্য মিম হয়ে ঘুরে বেরিয়েছে স্টেটাসে-স্টেটাসে। বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল, ‘ভাগম ভাগ-২’ আসছে। এমন খবর উঠে আসতেই ফিল্ম ফ্যানাটিকদের যথারীতি উন্মাদনা বেড়েছে।
প্রিয়দর্শন পরিচালিত সুপারহিট ‘ভাগম ভাগ’ ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, গোবিন্দা এবং পরেশ রাওয়াল (Akshay kumar, Govinda, Paresh rawal)। শুধু তা-ই নয়, অক্ষয়ের সুপারহিট ছবির মেগা তালিকায় ‘ভাগম ভাগ’, ‘হেরা ফেরি’ এবং ‘ওয়েলকাম’ মাইলস্টোন হয়ে থেকে গিয়েছে।
সিক্যুয়েলটির স্বত্ব সম্প্রতি শেমারু এন্টারটেনমেন্টের থেকে রোরিং রিভার প্রোডাকশনের সরিতা অশ্বিন ভার্দের অধিগ্রহণ করেছেন। যিনি এই ছবির প্রযোজনার সঙ্গেও যুক্ত।
সিক্যুয়েলের জন্য এত সময় নিলেন কেন? এমন প্রশ্নের জবাবে সরিত বলেন “কারণ ‘ভাগম ভাগ’ একটি স্পেশাল ছবি। এমন এক সিক্যুয়েলের যা কিছু প্রাপ্য তা ততোটাই স্পেশাল হতে হবে; তা-ই যখন সঠিক সময় এসেছে, তখনই আমরা এটা নিয়ে ভাবতে শুরু করেছি,”
প্রসঙ্গত, সরিতা দীর্ঘদিন ধরে ফিল্ম জগতের সঙ্গে যুক্ত। তাঁর স্বামী, অশ্বিন ভার্দে, ‘বস’, ‘মুবারকান’, ‘কবির সিং’, ‘ওএমজি-২’ এবং ‘খেল খেল মে’র মতো ফিল্মের প্রযোজকও ছিলেন। সরিতাই ছিলেন অশ্বিনের ক্রিয়েটিভ ফোর্স।
অন্যদিকে, শেমারু এন্টারটেনমেন্টের সিইও হিরেন গাদা বলেন, “আমরা অসাধারণ এক টিমের সঙ্গে কাজ করছি, এমন একটি ফিল্ম তৈরি করতে পেরে তারাও উচ্ছ্বসিত, যা প্রথম ছবিটির চেয়েও দর্শকদের আরও বিনোদন প্রদান করবে বলে আশাবাদী৷
২০২৫ সালের মাঝামাঝি সময়ে শুটিং ফ্লোরে যেতে চলেছে ‘ভাগম ভাগ-২’। (Bhagam Bhag-2)