
শেষ আপডেট: 30 January 2024 12:21
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বলিউডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো, ফিল্মফেয়ার। প্রতি বছরের মতোই সেখানেই উপস্থিত ছিল গোটা বলিপাড়া। করিনা কাপুর থেকে শুরু করে আলিয়া ভাট, বিক্রান্ত ম্যাসি, রণবীর কাপুর আরও অনেকে। পুরস্কারের তালিকা ইতিমধ্যেই সংবাদমাধ্যমে প্রকাশিত।
গোটা ২০২৩ জুড়ে ভাল খারাপ মিশিয়ে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। 'রকি অর রানি কী প্রেম কাহিনী', 'টুয়েলফেথ ফেল', 'অ্যানিম্যাল' 'জোরাম'-এর মতো সিনেমাও সেই তালিকায় আছে। যে চারটি ছবির নাম দেওয়া হল, সেই চারটি ছবি চার ধরনের। তবে পুরোপুরি কমার্শিয়াল ছবির খাতায় নাম লেখানো যায় 'রকি অর রানি কী প্রেম কাহিনী' ও 'অ্যানিম্যাল'- এর। সেই 'রকি অর রানি কী প্রেম কাহিনী'-র জন্য সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট। সেরা অভিনেতার পুরস্কার উঠল রণবীর কাপুরের (অ্যানিম্যাল) হাতে। কিন্তু কেন? অভিনয়ের উৎকর্ষতাই কি তার কারণ, নাকি নেপোটিজম? এ নিয়েই এখন সোচ্চার নেটিজেনরা।
View this post on Instagram
তাদের বক্তব্য ' টুয়েলফেথ ফেল', 'জোরাম'-এর মত ছবিতে বিক্রান্ত ম্যাসি ও মনোজ বাজপেয়ী থাকতে কেন রণবীর কাপুর? এই বিষয় নিয়ে দুটি অভিমত ঘিরছে নেটদুনিয়ায়। এক, রণবীর অভিনীত 'অ্যানিম্যাল' নিয়ে যেহেতু এখনও চর্চা চলছে, তাই আরও বাণিজ্যিক লাভের জন্য এই পুরস্কার। দুই, যেহেতু বিক্রান্ত বা মনোজ কারোরই বলিউডে 'গড ফাদার' নেই, তাই তারা সেরা অভিনেতার পুরস্কার পেল না।
View this post on Instagram
অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে আলিয়া ভাটকে। অথচ 'রকি অর রানি কী প্রেম কাহানি' আদ্যপান্ত এক কমার্শিয়াল ছবি। যা একবার দেখতে খারাপ লাগে না। তবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতার মতো নয় বলেই বক্তব্য নেটিজেনদের।
অর্থাৎ অভিনয় দক্ষতার সঙ্গে আসলে এই অ্যাওয়ার্ডের সম্পর্ক কতটা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টির মধ্যে বক্স অফিসের লাভ কতটা জড়িত বা সেটাই মূল বিবেচ্য বিষয় কিনা আলোচনা হচ্ছে সে নিয়েও।
View this post on Instagram
'অ্যানিম্যাল'-এর মত ছবি ভারতের মত দেশে মুক্তি পাওয়াটাই অন্যায় বলে দাবি করেছেন একাংশ দর্শক। কারণ যে দেশের মানুষ সিনেমা দেখে যথেষ্ট প্রভাবিত হয়, সেখানে এমন ছবি মুক্তি পাওয়া মানে সামাজিক দিক থেকে ক্ষতিই বটে! এখানে সলমান, শাহরুখের ছবি মুক্তির পর নতুন প্রজন্মের একাংশ এতটাই আচ্ছন্ন হয়ে পড়ে যে, তাদের চুলের স্টাইল থেকে শুরু করে প্রেম নিবেদনের রীতিনীতিতে বদল আসে। একইভাবে 'অ্যানিম্যাল' বা 'কবীর সিং'-এর মত ছবি দেখে প্রেমিকাদের ওপর অত্যাচারকেও স্বাভাবিক বলে মনে করতে পারে এক বিরাট সংখ্যক তরুণ-যুবা। সেই ধরনের একটি ছবির জন্য রণবীরকে সেরা অভিনেতার পুরষ্কার দেওয়ার অর্থ ছবিটিকে এবং ছবির বিষয়টিকে মান্যতা দেওয়া।
এদিকে অতি বড় সমালোচকও নির্দ্বিধায় স্বীকার করবেন 'জোরাম' ছবিতে মনোজ বাজপেয়ীর অভিনয় অসাধারণ। ফলে সিনেপ্রেমীদের প্রশ্ন একটাই। 'জোরাম'-কে ক্রিটিকদের মতে সেরা ছবি ও ' টুয়েলফেথ ফেল'-এর জন্য বিক্রান্ত ম্যাসিকে ক্রিটিকদের মতে সেরা অভিনেতার পুরস্কার দিয়ে গা বাঁচানো হল কি?