
ফাইল চিত্র
শেষ আপডেট: 21 March 2025 21:22
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শহরে পা রাখলেন বলিউডের বাদশা শাহরুখ খান। কেকেআরের মালিক হিসেবে তিনি ইডেনে উপস্থিত থাকেন দলকে উদ্দীপ্ত করতে। এবারও তার ব্যতিক্রম হলা না। আইপিএল ২০২৫-এ তাঁর দল কলকাতা নাইট রাইডার্সের (KKR) ম্যাচ দেখতে বিশেষ বিমানে করে দমদম বিমানবন্দরে পা রাখেন কিং খান। তাঁর আসার খবর পেয়েই বিমানবন্দরে উপচে পড়ে অনুরাগীদের ঢল।
সাদা পোশাক, চোখে সানগ্লাস আর চিরাচরিত হাসি—এই রূপেই দেখা গেল স্বপ্নের নায়ককে। ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানাতে ভোলেননি তিনি। তাঁর ঝলক দেখতে উৎসুক জনতার মধ্যে ছিল উন্মাদনা। বিমানবন্দর চত্বরে মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় উৎসবের আবহ।
শাহরুখের ইডেন গার্ডেন্সের সঙ্গে এক বিশেষ সম্পর্ক রয়েছে। কেকেআর প্রথমবার আইপিএল জিতলে তিনি গোটা মাঠকে যেন এক বিশাল স্টেজে পরিণত করেছিলেন, উদযাপন করেছিলেন মন খুলে। তবে শুধু সেই একবারই নয়, প্রতি বছরই তিনি ইডেনে আসেন। বলিউডের বাদশাকে মাঠে দেখলেই দর্শকদের উচ্ছ্বাস দ্বিগুণ হয়ে যায়, গ্যালারিতে তৈরি হয় দারুণ উত্তেজনা।
King Khan touches down in Kolkata, bringing his signature charm to the IPL opener! Waving love to the fans, as always — the heartbeat of KKR is here! ????✨@iamsrk @KKRiders @KKRUniverse #ShahRukhKhan #KingKhan #SRK #King #KnightClub #KKR #KolkataKnightRiders #IPL2025 pic.twitter.com/KpaMKM3y0d
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) March 21, 2025
শনিবার আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেনে জোরকদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে কেকেআর। অন্যদিকে, বিরাট কোহলি-সহ আরসিবি দল কলকাতায় পৌঁছাতেই শহরে উত্তেজনা আরও বেড়েছে। হাই-ভোল্টেজ এই ম্যাচ ঘিরে উন্মাদনা তো আছেই, সঙ্গে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের বাড়তি আকর্ষণও দর্শকদের আনন্দ দ্বিগুণ করছে। শাহরুখের এই সফর ঘিরে ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়েছে। কিং খানের সফরে কলকাতার আইপিএল জ্বর যেন আরও চড়িয়ে দিল!