২০০৭ সালের ব্লকবাস্টার ছবি 'জব উই মেট' বলিউডের ইতিহাসে এক মাইলফলক। শাহিদ কাপুর ও করিনা কাপুর খান অভিনীত এই রোমান্টিক কমেডি শুধু বক্স অফিসেই সাফল্য পায়নি, বরং দর্শক মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে।

'জব উই মেট'
শেষ আপডেট: 10 June 2025 21:44
দ্য ওয়াল ব্যুরো: ২০০৭ সালের ব্লকবাস্টার ছবি 'জব উই মেট' বলিউডের ইতিহাসে এক মাইলফলক। শাহিদ কাপুর ও করিনা কাপুর খান অভিনীত এই রোমান্টিক কমেডি শুধু বক্স অফিসেই সাফল্য পায়নি, বরং দর্শক মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে। তবে, এই ছবির মন ছুঁয়ে যাওয়া গল্পের আড়ালে লুকিয়ে ছিল এক চাঞ্চল্যকর আইনি জটিলতা, যা পরিচালক ইমতিয়াজ আলি-কে প্রায় জেলেই ঢুকিয়ে দিচ্ছিল!
সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ও চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমতিয়াজ আলি 'জব উই মেট' সংক্রান্ত এক কম পরিচিত বিতর্কের কথা ফাঁস করেছেন। বিতর্কের কেন্দ্রে ছিল ছবির রতলাম শহরের পটভূমিতে দৃশ্যায়িত একটি অংশ। যারা ছবিটি দেখেছেন, তাদের মনে থাকবে রতলামে শাহিদ ও করিনার চরিত্রের হাস্যকর মোড়ের কথা।
ইমতিয়াজ আলি জানান, এই অভিযোগের জেরে তাঁর বিরুদ্ধে প্রথমে আদালতের সমন এবং পরে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। তিনি বলেন, "রতলাম কি গলিয়াঁ'র কারণে প্রথমবার আমার বিরুদ্ধে আদালতের সমন জারি করা হয়, তারপর জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।"
আইনি নোটিশ যখন ঘুরে বেড়াচ্ছিল, তখন ইমতিয়াজ আলি তাঁর পরের ছবি 'লাভ আজ কাল'-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তিনি স্মরণ করেন, "আমি যখন কলকাতায় শুটিং করছিলাম, তখন দিনো (দীনেশ বিজন) দৌড়ে এসে বলল, 'স্যার, এখানে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং যদি তারা জানতে পারে যে আপনি এখানে আছেন, তাহলে তারা এসে আপনাকে গ্রেফতার করবে। আমি বললাম, 'হ্যাঁ, গতকালই খবরের কাগজে আমরা শুটিং করছি।' আর দিনো বলল, 'আমার তো অনেক লস হয়ে যাবে তুই অ্যারেস্ট হলে।"
এই চরম উৎকণ্ঠার মধ্যেও সেটে ঘটেছিল এক মজার ঘটনা। ইমতিয়াজ পোশাক ডিজাইনার ডলি আহলুওয়ালিয়ার একটি হৃদয়গ্রাহী অঙ্গভঙ্গির কথা উল্লেখ করেন। সবাই যখন খুব নার্ভাস ও টেনশনে ছিল, তখন ডলি আহলুওয়ালিয়া ইমতিয়াজকে বলেন, "আমি নিজে হাতে করে রুটি বানিয়ে আনব, গারদের ফাঁক দিয়ে তোমায় খাওয়াব।" এই কথা শুনে সেটে সবাই হাসিতে ফেটে পড়েন।