হোমবাউন্ড অস্কার জিতলে আবেগে কী করবেন, অকপটেই জানালেন ঈশান খট্টর। কান থেকে অস্কার-এই ছবিকে ঘিরে তাঁর অনুভূতি এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
.jpeg.webp)
হোমবাউন্ডের বিখ্যাত দৃশ্য
শেষ আপডেট: 17 December 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: অস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছে ‘হোমবাউন্ড’ (Homebound)। আর এই খবর প্রকাশ্যে আসতেই বলিউডে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঈশান খট্টর (Ishaan Khatter), ভিশাল জেঠওয়া (Vishal Jethwa) ও জানভি কাপুররা (Janhvi Kapoor)। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (Academy Awards)-এর সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্যের ছবি (Best International Feature Film) বিভাগে শর্টলিস্টেড হয়েছে ছবিটি। আন্তর্জাতিক মঞ্চে এই স্বীকৃতি ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির জন্য নিঃসন্দেহে বড় সাফল্য।
এই আবহেই সম্প্রতি এক বেসরকারি সংবাদমাধ্যমকে নিজের অনুভূতির কথা খুলে বললেন ঈশান। যদি হোমবাউন্ড অস্কার জেতে তাহলে জ্যাকেট ছুড়ে দেওয়ালে ধাক্কা মারবেন অভিনেতা। বলেন, “একটা অদ্ভুত আশঙ্কা হচ্ছে, আমি হয়তো জ্যাকেট ছুড়ে দিয়ে দৌড়ে গিয়ে দেওয়ালে ধাক্কা দেব।” তাঁর এই স্বতঃস্ফূর্ত মন্তব্যই বলে দিচ্ছে, ছবিটি ঠিক কতটা আবেগের।
ঈশান স্পষ্ট করে জানান, ‘হোমবাউন্ড’ তাঁর কেরিয়ারের অন্যতম বিশেষ ছবি। যাঁরা একে সমর্থন করেছেন, তাঁদের সকলের কাছে কৃতজ্ঞ। এটা খুব বিরল ধরনের ছবি ও ভীষণ মানবিক বলেও উল্লেখ করেন। অস্কার জিতুক না জিতুক , ছবিটার অংশ হতে পেরে তাই তিনি ধন্য।
চলতি বছরে কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival)-এ ছবিটি প্রদর্শিত হয় আঁ সের্তাঁ রিগা (Un Certain Regard) বিভাগে। সেই অভিজ্ঞতা নিয়েও আবেগপ্রবণ ঈশান। তাঁর কথায়, “কান-এর মতো জায়গায় বসে নিজের ছবি দেখা, এটা একটা মাইলস্টোন। আমি তখন যেন সময়ের হিসাব হারিয়ে ফেলেছিলাম। সবকিছু খুবই অবাস্তব লাগছিল।” শুধু কান নয়, ‘হোমবাউন্ড’ জায়গা করে নিয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Toronto International Film Festival – TIFF)-এর ৫০তম সংস্করণেও।
ছবিতে নিজের চরিত্র শোয়েব (Shoib) প্রসঙ্গে ঈশান জানান, এই চরিত্র তাঁর থেকে বহু দূরের। তিনি বলেন, “আমরা অভিনেতারা দেশের মাত্র শূন্য দশমিক এক শতাংশ মানুষ। অথচ এই চরিত্রটা দেশের প্রায় ৮০ শতাংশ মানুষের প্রতিনিধি, যাঁদের আমরা খুব কমই সিনেমায় দেখি।” এই চরিত্রে ঢুকতে পরিচালক নীরজ ঘেওয়ান (Neeraj Ghaywan) অভিনেতাদের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন- অভিনয় নয়, চরিত্র হয়ে উঠতে হবে। ঈশানের কথায়, “ক্রাফট মানে শুধু অভিনয় নয়। চরিত্রের দিকে হাঁটতে হবে, তাকে হয়ে উঠতে হবে।”
এদিকে অস্কারের শর্টলিস্টে ‘হোমবাউন্ড’-এর সঙ্গে রয়েছে একাধিক শক্তিশালী আন্তর্জাতিক ছবি। আর্জেন্টিনার ‘বেলেন’ (Belen), ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’ (The Secret Agent), ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ (It Was Just an Accident), জার্মানির ‘সাউন্ড অফ ফলিং’ (Sound of Falling), জাপানের ‘কোকুহো’ (Kokuho), দক্ষিণ কোরিয়ার ‘নো আদার চয়েস’ (No Other Choice)-সহ আরও বহু দেশের ছবি রয়েছে এবার অস্কারের দৌড়ে।
কড়া আন্তর্জাতিক প্রতিযোগিতার মাঝেও ‘হোমবাউন্ড’-এর এই সাফল্য ভারতীয় ছবির জন্য বড় স্বীকৃতি। অস্কারের মঞ্চে শেষ পর্যন্ত জায়গা পায় কি না, সে দিকেই এখন তাকিয়ে সিনেমাপ্রেমীরা। তবে শর্টলিস্টে নাম ওঠাই যে এই ছবিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে, তা বলাই বাহুল্য।