সাক্ষাৎকারে করণ যখন জয়ার কাছে জানতে চান ঐশ্বর্যা সম্পর্কে, তিনি সোজাসাপটা উত্তর দেন, 'সি ইজ লাভলি। আই লাভ হার অ্যান্ড ইউ নো আই হ্যাভ অলওয়েস লাভড হার।'

ঐশ্বর্যা ও জয়া
শেষ আপডেট: 13 July 2025 14:04
দ্য ওয়াল ব্যুরো: পুরনো স্মৃতি যেন নতুন করে মন ছুঁয়ে গেল। করণ জোহরের জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ'–এর একটি পুরনো পর্ব ফের ভাইরাল হয়েছে সম্প্রতি। আর সেই পর্বেই অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া বচ্চন অকপটে প্রশংসা করেছিলেন তাঁর পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চনের।
সাক্ষাৎকারে করণ যখন জয়ার কাছে জানতে চান ঐশ্বর্যা সম্পর্কে, তিনি সোজাসাপটা উত্তর দেন, 'সি ইজ লাভলি। আই লাভ হার অ্যান্ড ইউ নো আই হ্যাভ অলওয়েস লাভড হার।'
করণ এরপর জানতে চান, ঐশ্বর্যা কি বচ্চন পরিবারের জন্য সঠিক পছন্দ? জয়ার উত্তর, 'আমার তাই মনে হয়। ও নিজে এত বড় একজন তারকা, তবুও পরিবারের মধ্যে ওকে কখনও নিজেকে জাহির করতে দেখিনি। এটা ওর খুব ভাল একটা গুণ।'
জয়া আরও বলেছিলেন, 'আমি খুব পছন্দ করি, যখন ও চুপচাপ এক পাশে দাঁড়িয়ে থাকে, সবকিছু বুঝে নেয়, সকলকে দেখে নেয়। ও খুব সুন্দরভাবে পরিবারের সঙ্গে মানিয়ে নিয়েছে। জানে কারা ওর বন্ধু, আর কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়।'
ঐশ্বর্য আদর্শ ‘মিসেস অভিষেক বচ্চন’ কি না, এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী সেদিন সাফ জানিয়েছিলেন, 'হ্যাঁ, আমার তো তাই মনে হয়।'
শুধু জয়া নন, অভিষেক বচ্চন নিজেও ২০১৫-র এক সাক্ষাৎকারে তাঁর মা এবং স্ত্রী-র সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। জানিয়েছিলেন, 'মা আর ঐশ্বর্যা মাঝে মাঝে একসঙ্গে আমার বিরুদ্ধেই জোট বাঁধে। তখন ওরা বাংলায় কথা বলতে শুরু করে। মা তো বাঙালি, আর ঐশ্বর্যা ‘চোখের বালি’-তে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার সময় থেকেই বাংলা বলতে পারে। ফলে যখন ওরা একসঙ্গে আমার বিরুদ্ধে কিছু বলার পরিকল্পনা করে, তখনই বাংলায় গড়গড় করে কথা বলতে শুরু করে!'
এর আগেও জয়ার আরেকটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ২০০৭ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস মঞ্চে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার নেওয়ার সময় তিনি প্রকাশ্যে ঐশ্বর্যাকে স্বাগত জানান বচ্চন পরিবারে। সেই সময় জয়া বলেছিলেন, 'আজ আমি আবার একবার মাদার-ইন-ল’ হতে চলেছি এমন একজনের, যাঁর মূল্যবোধে বিশ্বাস রয়েছে, আত্মমর্যাদা রয়েছে, আর হাসিটা অপূর্ব। আমি তোমাকে স্বাগত জানাই আমাদের পরিবারে। ভালবাসা রইল।' মঞ্চে বসেই এসব শুনে চোখের জল ধরে রাখতে পারেননি বিশ্ব সুন্দরী।
শেষ কয়েক বছরে এই মিষ্টি সম্পর্ক নিয়ে নানা জল্পনা চললেও অনুরাগীদের বিশ্বাস তাঁরা আছেন আগের মতোই। একইরকমভাবে সামলাচ্ছেন গোটা বচ্চন পরিবারকে।