বলিউড কিংবদন্তি হেলেনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন প্রাক্তন স্বামী পি. এন. অরোরা।

হেলেন
শেষ আপডেট: 30 November 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম আইকনিক নৃত্যশিল্পী হেলেন, যিনি সলমন খানের সৎ মা হিসেবে পরিচিত, একসময় ব্যক্তিগত জীবনে ভয়াবহ সংকটের সম্মুখীন হয়েছিলেন। তাঁকে তাঁরই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন প্রাক্তন স্বামী পরিচালক পি. এন. অরোরা। এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে এসেছে প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার লেখা নতুন বই 'When It All Began: The Untold Stories of the Underworld'-এ।
বইটিতে মারিয়া করিম লালা, হাজি মস্তান ও দিলীপ আজিজদের মতো ডনদের উত্থানের গল্প বলার পাশাপাশি হেলেনকে তাঁর বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য ডন করিম লালা কী করেছিলেন, সেই পুরো অধ্যায়টি তুলে ধরেছেন।
হেলেন, যিনি সম্প্রতি ৮৭ বছরে পা দিলেন, ১৯৩৮ সালে রেঙ্গুনে জন্মগ্রহণ করেন। যুদ্ধবিধ্বস্ত বার্মা থেকে পালিয়ে তিনি মুম্বই আসেন এবং আর্থিক সংকটের কারণে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। পাঁচের দশক থেকে তিনি ৭০০-রও বেশি ছবিতে একজন অসামান্য নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন।
তবে পর্দার আড়ালে, অল্প বয়সে হেলেন বয়সে অনেক বড় পরিচালক পি. এন. অরোরার সঙ্গে সম্পর্কে জড়ান এবং সরল বিশ্বাসে নিজের সমস্ত সম্পত্তির দায়িত্ব তাঁর হাতে তুলে দেন। বইটিতে লেখা আছে, প্রতিভাধর হেলেন ১৯৫৮ সালে ১৯ বছর বয়সে প্রথম বড় সুযোগ পান। কিন্তু তাঁর সম্পদের নিয়ন্ত্রণ অরোরার হাতে চলে গেলে অরোরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন।
সম্পর্কের তিক্ততা বাড়লে অরোরা হেলেনের নিজের সম্পত্তি ফিরিয়ে দিতে অস্বীকার করেন এবং একসময় তাঁকে বাড়ি থেকে বের করে দেন। অসহায় হেলেন তখন সাহায্য চান তাঁর ঘনিষ্ঠ বন্ধু শিল্পী দিলীপ কুমার এবং অভিনেতা-লেখক সেলিম খানের কাছে। দিলীপ কুমার প্রথমে নিজেই ডন করিম লালার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর তিনি লালার উদ্দেশে একটি নোট লিখে হেলেনকে সেটি নিয়ে তাঁর কাছে যেতে বলেন।
আফগানিস্তানে জন্ম নেওয়া করিম লালা ছিলেন মুম্বইয়ের 'পাঠান গ্যাং'-এর প্রধান। ১৯৬০ থেকে ৮০-র দশক পর্যন্ত তিনি মদ, জুয়া এসব নিয়ে থাকলেও ব্যক্তিগত জীবনে মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন।
বইটিতে বর্ণনা করা হয়েছে, হেলেন যখন করিম লালার দরবারে পৌঁছান, জনতা তাঁকে চিনে ফেলেছিল। লালা সিনেমা দেখতেন না, কিন্তু নোটটি দেখে হেলেনকে তাঁর স্ত্রী ফাতিমার কাছে নিয়ে যেতে বলেন এবং পরে নিজেই কথা বলতে এগিয়ে আসেন। হেলেন তাঁর দুর্দশার কথা ব্যাখ্যা করলে লালা বুঝতে পারেন যে হেলেন সত্যি বলছেন।
ডন করিম লালা হেলেনকে প্রতিশ্রুতি দেন যে তিনি তাঁর বাড়ি ফিরে পাবেন এবং তাঁকে দু'ঘণ্টা পরে সেখানে যেতে বলেন। এরপর যা ঘটেছিল, তা দেখে হেলেন বিস্মিত হয়ে যান। বাড়িতে ফিরে দেখেন পি. এন. অরোরা বাড়ি ছেড়ে চলে গেছেন। তাঁর সব জিনিসপত্র রেখে বাড়ির চাবি পাহারাদারের কাছে দিয়ে গিয়েছেন। ২০০২ সালে করিম লালার মৃত্যুতে মুম্বইয়ের অন্ধকার জগতে এক যুগের অবসান ঘটে।