
বচ্চন পরিবার
শেষ আপডেট: 19 April 2025 16:37
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সবচেয়ে প্রভাবশালী এবং পরিচিত পরিবারগুলোর মধ্যে বচ্চন পরিবার এক অনন্য নাম। অভিনয়ের সঙ্গে তাদের বহু প্রজন্ম ধরে সম্পর্ক, কিন্তু পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও এই পরিবারের সদস্যরা রেখেছেন উজ্জ্বল ছাপ। তবে অনেকেরই তা অজানা। চলুন জেনে নেওয়া যাক বচ্চন পরিবারের কে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন?
অমিতাভ বচ্চন: যাঁর নামই এক ইতিহাস, ছাত্রজীবনে ছিলেন বিজ্ঞানের ছাত্র। নৈনিতালের শেরউড কলেজে স্কুলজীবন কাটিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজ থেকে ১৯৬২ সালে স্নাতক হন তিনি। তারও আগে এলাহাবাদের বয়েজ় হাই স্কুল অ্যান্ড কলেজে পড়েছেন।
জয়া বচ্চন: শুধু সফল অভিনেত্রী নন, শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও অনুকরণীয়। পড়াশোনা করেছেন ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে। পরবর্তী সময়ে ভারতের অন্যতম নামী প্রতিষ্ঠান পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই) থেকে ফিল্ম বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
অভিষেক বচ্চন: ছোটবেলায় ডিসলেক্সিয়ায় ভুগলেও পড়াশোনার প্রতি আগ্রহ কম ছিল না। মুম্বইয়ের স্কটিশ স্কুল, দিল্লির যমুনাবাঈ নার্সি স্কুল ও মর্ডান স্কুলে পড়েছেন। পরে সুইটজারল্যান্ডের এইগলন কলেজ থেকে স্কুল পাশ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন আমেরিকার বস্টন বিশ্ববিদ্যালয়ে। সেখানে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেন।
শ্বেতা বচ্চন নন্দা: যিনি অভিনয়ের জগতে প্রবেশ না করলেও শিক্ষাক্ষেত্রে পিছিয়ে নেই। পড়েছেন দেহরাদুনের দুন স্কুল এবং দিল্লির মর্ডান স্কুলে। রয়েছে এমবিএ ডিগ্রিও।
ঐশ্বর্যা রাই বচ্চন: স্কুলজীবনে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। তিনি মুম্বইয়ের আর্য বিদ্যা মন্দির হাই স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে ডিগ্রি পড়ার জন্য তিনি মুম্বইয়ের জয় হিন্দ কলেজে ভর্তি হন। কিছুদিন পর তিনি রূপারেল কলেজে স্থানান্তরিত হন, যেখান থেকে তিনি ইন্টারমিডিয়েট (HSC) পাশ করেন। এরপর তিনি স্থাপত্যবিদ্যায় (Architecture) উচ্চশিক্ষা গ্রহণ করতে চেয়েছিলেন এবং রাচনা সংসদ অ্যাকাডেমি অব আর্কিটেকচারে ভর্তি হন। তবে মডেলিং ও অভিনয়ের জগতে ক্যারিয়ার গড়ে তোলার কারণে তিনি আর্কিটেকচারের পড়াশোনা শেষ করেননি।
নব্যা নভেলি নন্দা: শ্বেতা ও ব্যবসায়ী নিখিল নন্দার কন্যা, নিউ ইয়র্ক সিটির ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তাঁর বিশেষত্ব ডিজিটাল টেকনোলজি এবং ইউএক্স ডিজ়াইন।
অগস্ত্য নন্দা: তিনিও পা রেখেছেন রুপালি পর্দায়। জোয়া আখতার পরিচালিত 'দি আর্চিজ'-এর মাধ্যমে তাঁর রূপালি যাত্রার সূচনা। তিনি লেখাপড়া করেছেন লন্ডনের সেভেনওক্স স্কুলে।