সিঙ্গাপুরে জুবিন গর্গের আচমকা মৃত্যুর পর শুরু হয়েছিল ‘জাস্টিস ফর জুবিন গর্গ’ অভিযান। এবার সেই আন্দোলনে নতুন গতি এল তাঁর স্ত্রী গরিমা শাইকিয়া গর্গের আহ্বানে।
.jpeg.webp)
শেষ আপডেট: 12 October 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গাপুরে জুবিন গর্গের আচমকা মৃত্যুর পর শুরু হয়েছিল ‘জাস্টিস ফর জুবিন গর্গ’ অভিযান। এবার সেই আন্দোলনে নতুন গতি এল তাঁর স্ত্রী গরিমা শাইকিয়া গর্গের আহ্বানে। শুক্রবার রাতে, সোনাপুরে জুবিনের সমাধিস্থলে দাঁড়িয়ে ভক্তদের হাতজোড় করে তিনি বলেন, "আমার একটা অনুরোধ আছে, যাতে ও (জুবিন) ন্যায় পায়।”
ভেজা চোখেই তিনি আরও বলেন, “আমরা ২২ দিন ধরে অপেক্ষা করছি জানতে, সিঙ্গাপুরে ঠিক কী হয়েছিল। এখনও কিছুই জানি না। কিন্তু আমাদের ন্যায় চাই। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় #JusticeForZubeenGarg লিখুন, প্রতিদিন দাবি তুলুন, প্রার্থনা করুন।”
ফুল, ধূপ ও প্রদীপ দিয়ে জুবিনের সমাধিস্থলে প্রার্থনাও করেন গরিমা। ভক্তদের কণ্ঠে তখন একসঙ্গে ধ্বনিত হচ্ছিল—“জয় জুবিন দা"।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে প্রয়াত হন গায়ক-সুরকার জুবিন গর্গ। ২৩ সেপ্টেম্বর, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সোনাপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের সেই স্থান এখন ভক্তদের তীর্থক্ষেত্র—প্রতিদিন শত শত মানুষ সেখানে এসে শ্রদ্ধা জানাচ্ছেন।
রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যেই সিআইডির অধীনে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে জুবিনের মৃত্যুর কারণ অনুসন্ধানে। তবে ভক্ত ও রাজনৈতিক মহলের দাবি, তদন্ত যেন সময়সীমাবদ্ধ ও স্বচ্ছ হয়। একই দাবি স্ত্রী গরিমারও।