.webp)
হিনা খান
শেষ আপডেট: 2 August 2024 18:33
দ্য ওয়াল ব্যুরো: ক্যানসার ধরা পড়ার পর সাধের লম্বা চুল ছেঁটে ছোট করে দিয়েছিলেন হিনা খান। তাও ঝরছে চুল। মেঝেতে, বালিশে গোছা গোছা চুল পড়ে থাকতে দেখে মানসিক অবসাদ গ্রাস করছে অভিনেত্রীকে। তাই এবার কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি।
স্তন ক্যানসারে আক্রান্ত হিন্দি সিরিয়ালের অভিনেত্রী হিনা খান। ক্যানসারের তৃতীয় স্টেজ তাঁর। শুরু হয়েছে চিকিৎসা। কেমো থেরাপি করানোর আগে লম্বা চুল কেটে ছোট করে ফেলেছিলেন হিনা। কিন্তু কমেনি চুল পড়ার সমস্যা। তাই এবার নিজে হাতেই গোটা মাথার চুল কামিয়ে ফেললেন হিনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন তিনি।
কেমো থেরাপির পর কাজ থেকে বিরতি নেননি হিনা। প্রায়ই তাঁর শুটিং করতে যাওয়ার ছবি-ভিডিও শেয়ার করছেন। ক্যানসারের সঙ্গে নিজের লড়াইয়ের গল্প বলে অনুপ্রেরণা জোগাচ্ছেন ভক্তদের। এরই মধ্যে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন হিনা। যেখানে দেখা গিয়েছে, বালিশে লেগে রয়েছে অভিনেত্রীর মাথার চুল। সঙ্গে হিনা লিখেছেন, “ছোট করে চুল কেটে ফেলেছিলাম। ভালই লাগছিল। কিন্তু এই পিক্সি কাট বেশিদিন রাখতে পারলাম না। আবার যখন নতুন চুল আসবে, আমি এই পিক্সি কাটটাই রাখব। এখন এই কাটটাকে আলবিদা জানাতেই হচ্ছে।”
হিনা জানিয়েছেন, সমস্ত চুল কেটে ন্যাড়া হয়ে গিয়েছেন। কারণ অনবরত চুল ঝরে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না তিনি। অভিনেত্রীর কথায়, “লড়াই যতই কঠিন হোক না কেন, যে যোদ্ধা তাঁর জীবনে চমৎকার হবেই হবে। আমি জানি বিষয়টা কতটা কঠিন। খুবই যন্ত্রণাদায়ক। আমি নিজেকে এসবের মধ্যে ফেলতে পারব না। তাই চুল পুরোপুরি ঝরে পড়ার আগেই সম্পূর্ণ রূপে তা কেটে ফেলাই উচিত। আর আমি সেটাই করতে চলেছি। কোনও কিছুরই পরিবর্তন হচ্ছে না। নতুন করে পাওয়া নিজেকে আলিঙ্গন করতে হবে।”
View this post on Instagram
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। 'ইয়ে রিস্তা কেয়া ক্যাহলাতা হ্য়ায়' ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান হিনা। টেলি দর্শকদের কাছে আজও তিনি 'অকসরা' নামেই বেশি পরিচিত। সিরিয়াল থেকে রিয়েলিটি শো, সবেতেই দাপটের সঙ্গে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। প্রশংসিত হয়েছেন দর্শক মহলে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় হিনা। তাঁর জীবনের খুঁটিনাটি বিষয় বরাবরই সমাজ মাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন অভিনেত্রী। মারণ রোগে আক্রান্ত হওয়ার পরও এতটুকু নিজেকে গুটিয়ে নেননি। বরং জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়ে এগিয়ে চলেছেন।