‘হেরা ফেরি ৩’ থেকে পরেশ রাওয়ালের সরে দাঁড়ানো ঘিরে বিতর্ক তুঙ্গে। প্রিয়দর্শনের দাবি, কোনও কিছুই জানাননি পরেশ।

'হেরা ফেরি ৩'
শেষ আপডেট: 20 May 2025 16:45
দ্য ওয়াল ব্যুরো: ‘হেরা ফেরি ৩’ নিয়ে বিতর্কের পারদ ক্রমশ চড়ছে। একদিকে অভিনেতা পরেশ রাওয়ালের দাবি, তিনি আগেই পরিচালক প্রিয়দর্শন, অক্ষয় কুমার এবং সুনীল শেট্টিকে ছবিটি ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন। অন্যদিকে পরিচালক প্রিয়দর্শন সাফ জানালেন, পরেশ তাঁদের কিছুই জানাননি, এমনকি তাঁর সঙ্গে আজ পর্যন্ত কোনও কথাও হয়নি। এই অবস্থায় ছবির সহ-প্রযোজক অক্ষয় কুমার পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়দর্শন বলেন, “আমার হারানোর কিছু নেই। কিন্তু অক্ষয় নিজের টাকা বিনিয়োগ করেছে। হয়তো সেই কারণেই এই আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আজ পর্যন্ত পরেশ আমার সঙ্গে যোগাযোগ করেননি।”
তিনি আরও বলেন, “ছবির কাজ শুরু হওয়ার আগে অক্ষয় আমাকে বলেছিল পরেশ আর সুনীলের সঙ্গে কথা বলতে। আমি কথা বলেছিলাম, এবং দু’জনেই তাতে রাজি ছিলেন।” অন্যদিকে 'Mid-Day'-কে দেওয়া সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানান, “প্রিয়দর্শনজিই আমায় বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু উনি আমায় ভাল করে চেনেন। সবাই জানেন, আমি একবার কোনও সিদ্ধান্ত নিলে সেটা ধরে রাখি। তাই কেউ আর জোর করেননি।”
জানা গিয়েছে, এপ্রিলে ‘হেরা ফেরি ৩’-এর শ্যুটিং শুরু করেছিলেন অক্ষয়, সুনীল এবং পরেশ। পরিচালনার দায়িত্বে ছিলেন প্রিয়দর্শন, এবং ছবির প্রযোজক হিসেবেও ছিলেন অক্ষয় কুমার নিজেই। পরেশ রাওয়াল এবং প্রিয়দর্শনের একাধিক সফল কাজ রয়েছে — 'ইয়ে তেরা ঘর ইয়ে মেরা ঘর' (২০০১), 'হাঙ্গামা' (২০০৩), 'মালামাল উইকলি' (২০০৬), 'চুপ চুপ কে' (২০০৬), 'দে দনা দান' (২০০৯), 'কামাল ধামাল মালামাল' (২০১২)-র মতো ছবি। সেই পুরনো জুটির মধ্যে হঠাৎ এভাবে দূরত্ব তৈরি হওয়া অনুরাগীদের কাছে বিস্ময়কর।