দ্য ওয়াল ব্যুরোঃ ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল। বলিউড পেতে চলেছে নতুন তারকা দম্পতি। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই সাত পাকে বাঁধা পড়বেন ভি-ক্যাট। রাজস্থানের বিলাসবহুল দুর্গে বসেছে রাজকীয় সেই বিয়ের আসর। বিয়ে মানে শুধু তো বিয়ে নয়, সঙ্গীত, মেহেন্দি আরও কত শত অনুষ্ঠান চলছে সেই দুর্গে। বাইরে থেকে তার আভাস পাচ্ছেন সকলেই। তবে ভিতরে রয়েছে কড়া নিরাপত্তা। এক চুল এদিক ওদিক হওয়ার জো নেই কোথাও।
ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়েতে যাঁরা অতিথি হয়ে যাবেন, তাঁদের সকলের জন্য থাকবে আলাদা কোড নম্বর। পরিচয়পত্র দেখিয়ে বিয়েতে ঢুকতে হবে। বাইরের কেউ যাতে কোনওভাবেই সেখানে না যেতে পারেন, সেই কারণেই এই নিরাপত্তা। কিন্তু কেন? কেন এমন নিরাপত্তার আবহে মুড়ে রাখা হচ্ছে ভি-ক্যাটের বিয়ে? অনুরাগীরা সেই বিয়ের অনুষ্ঠান কেন দেখতে পাবেন না?
শোনা যাচ্ছে, অনুরাগীদের জন্য আলাদা ব্যবস্থা করে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা। এই বিয়ের গোটা অনুষ্ঠানটাই দেখতে পাবেন সকলে। তবে এভাবে নয়। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি দেখা যাবে না। ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হবে এই বিয়ের ভিডিও। বলিউডের সিনেমার আদলেই ভি-ক্যাটের আসল বিয়ে দেখবেন অনুরাগীরা।
আমাজন প্রাইমকে নাকি ৮০ কোটি টাকায় বিয়ের স্বত্ব বিক্রি করে দিয়েছেন ভিকি-ক্যাটরিনা। সেখানেই দেখানো হবে গোটা অনুষ্ঠান। তাই আমাজনে মুক্তি পাওয়ার আগে যাতে সোশ্যাল মিডিয়ায় কোনওভাবে বিয়ের ঝলক ফাঁস না হয়ে যায়, তারই ব্যবস্থা করেছেন যুগল। অতিথিদের সই করতে হয়েছে চুক্তিপত্রেও। প্রত্যেকের কাছে বার্তা পাঠানো হয়েছে আলাদা করে, যেখানে বলা আছে, আমরা অনুরোধ করছি, দয়া করে আপনারা বিয়ের অনুষ্ঠানে যখন আসবেন সঙ্গে ফোন আনবেন না। ঘরেই ফোনটা রেখে আসবেন, কেউ কোনও ছবি তুলবেন না।
সূত্রের খবর, আমাজন প্রাইমের পর্দায় সিরিজ আকারে দেখানো হবে ভিকি-ক্যাটরিনার বিয়ের গল্প। কী থাকবে সেখানে? তাঁদের বন্ধুত্ব থেকে প্রেম, এবং তারপর এই রাজকীয় বিয়ে, সবটাই সাজানো হবে ভিডিওতে। ২০২২ সালের শুরুর দিকেই এই ভিডিও সিরিজ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভিকি ক্যাটরিনা নতুন নন, ২০১৯ সালে ঠিক এই কাজটাই করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসও। তাঁরাও তাঁদের রাজকীয় বিয়ের স্বত্ব বিক্রি করে দিয়েছিলেন ওটিটি প্ল্যাটফর্মে।