মন্দিরে ঢোকার আগে মদের বোতল কিনে চমকে দিলেন গোবিন্দার স্ত্রী সুনীতা! ইউটিউবের প্রথম ভ্লগেই ভাইরাল এই মুহূর্ত।

সুনীতা আহুজা
শেষ আপডেট: 15 August 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা বরাবরই দর্শকদের মুখে হাসি ফোটান। কিন্তু এবার আলোচনার কেন্দ্রে তাঁর স্ত্রী সুনীতা আহুজা। আর কারণটা বেশ অদ্ভুত! বিবাহবিচ্ছেদের গুঞ্জন পেরিয়ে তিনি হাজির হয়েছেন একেবারে নতুন রূপে, ইউটিউবার হিসেবে।
চণ্ডীগড়ের কয়েকটি মন্দির ভ্রমণ নিয়ে প্রথম ভ্লগে সুনীতা চমকে দিয়েছেন দর্শকদের। দেখা যায়, জঙ্গলে ঘেরা মহাকালী মন্দিরে যাওয়ার পথে তিনি হঠাৎ থামলেন একটি মদের দোকানে। কিনলেন দুই বোতল মদ, আর ক্যামেরার দিকে তাকিয়ে হেসে বললেন, “আমার জন্য নয়, বাবার জন্য… পূজোর কাজে লাগবে।”
এরপর রওনা দিলেন কালের ভৈরব বাবা মন্দিরে, যেখানে পুরোহিত জানালেন, এই মদ নাকি বাবার ‘অশুভ শক্তি ধ্বংসের অস্ত্র’।
ভ্লগে আরেকটি মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন সুনীতা। স্মৃতিচারণ করে বললেন, কিশোরী বয়সে প্রথমবার গোবিন্দার প্রেমে পড়ে তিনি দেবীর কাছে প্রার্থনা করেছিলেন যেন তাঁর স্ত্রী হতে পারেন। দেবী শুধু সেই ইচ্ছেই পূরণ করেননি, সঙ্গে দিয়েছেন দুটি সন্তানও।
গোবিন্দা-সুনীতাকে নিয়ে বছরের পর বছর নানা গুজব ঘুরে বেড়িয়েছে। সেই ভুল ধারণা ভাঙতেই ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। প্রথম ভিডিওতেই এমন খোলামেলা ও মজার মুহূর্ত, দর্শকদের কাছে জমে উঠেছে বলিউড-ঘরনির নতুন ইনিংস।