নায়িকাদের সঙ্গে ফ্লার্ট করতেন গোবিন্দা, ফ্ল্যাটেও নিয়ে যেতেন— তবে সোনালিই একমাত্র ব্যতিক্রম। রিয়ালিটি শো-তে বিস্ফোরক মন্তব্য সুনীতার।

গোবিন্দা ও সুনীতা আহুজা
শেষ আপডেট: 11 September 2025 12:07
দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে গত কয়েক মাস ধরে নানা গুঞ্জন চলছে। বারবার শোনা গিয়েছিল, দীর্ঘ দাম্পত্য জীবনের পর নাকি তাঁরা বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। তবে গণেশপুজোর দিন সেই জল্পনায় বিরাম টানেন দু’জনেই। সুনীতা স্পষ্ট জানিয়ে দেন, “আমাদের আলাদা করতে ভগবানকেও কষ্ট করতে হবে।”
এর মধ্যেই সম্প্রতি সুনীতা হাজির হয়েছিলেন রিয়ালিটি শো ‘পতি পত্নী অর পাঙ্গা – জোড়িয়ো কা রিয়ালিটি চেক’-এ অতিথি বিচারকের আসনে। সেখানেই মজার ছলে স্বামী গোবিন্দার সম্পর্কে একাধিক খোলামেলা মন্তব্য করেন তিনি। জানান, বলিউডে প্রায় প্রতিটি নায়িকার সঙ্গেই ফ্লার্ট করতেন তাঁর বর। বিশেষ করে ‘জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’ এবং ‘অপনে দম পার’-এ কাজ করার সময় অভিনেত্রী সোনালি বেন্দ্রের সঙ্গেই সময় কাটাতে নাকি ভীষণ পছন্দ করতেন গোবিন্দা।
মজার ব্যাপার, ওই শো-তেই সঞ্চালকের ভূমিকায় ছিলেন সোনালি। সেই প্রসঙ্গে সুনীতা হেসে বলেন, “আমরা অতীতের অনেক মুহূর্ত একসঙ্গে মনে করেছি। আমি স্পষ্ট করে জানিয়েছি— গোবিন্দা অনেকের সঙ্গেই প্রেমে পড়তে পারতেন, কিন্তু সোনালি বেঁচে গেছেন! একমাত্র তিনিই এমন নায়িকা, যাঁর সঙ্গে তিনি কখনও ফ্লার্ট করার চেষ্টা করেননি। এমনকি নায়িকাদের ফ্ল্যাটে এনেও আড্ডা দিত।”
সুনীতা আরও জানান, সোনালির ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল গোবিন্দার। ১৯৯৪ সালের ‘আগ’ ছবিতে প্রথম বড় সুযোগটি তিনিই করে দিয়েছিলেন। এমনকী ছোটবেলায় স্ত্রী সুনীতাকে দেখে সোনালির কথা মনে পড়ে যেত বলেও নাকি স্বীকার করেছিলেন অভিনেতা। সুনীতার কথায়, “সেই স্মৃতিগুলো আবার ফিরিয়ে আনা, না-বলা কথাগুলো মনে করানো, আর গোবিন্দা-স্টাইল বিনোদন উদযাপন করা ছিল দারুণ অভিজ্ঞতা।”
প্রসঙ্গত, ১৯৮৭ সালে বিয়ে করেছিলেন গোবিন্দা ও সুনীতা। তখনও গোবিন্দা বলিউডে প্রতিষ্ঠিত নন। বিয়ের খবর প্রথমে গোপন রাখা হলেও মেয়ে টিনা আহুজার জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে। তাঁদের একটি পুত্রও আছে, যশবর্ধন (জন্ম ১৯৯৭)। ইতিমধ্যেই টিনা বলিউডে আত্মপ্রকাশ করেছেন, আর যশবর্ধনও খুব শিগগিরি সাই রাজেশের পরিচালনায় একটি ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন।