
শেষ আপডেট: 27 May 2023 09:37
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় সাম্প্রতিক কালে আচমকা ধারাবাহিক বন্ধের খবর নতুন কিছু নয়। প্রায়ই টিআরপির অভাবে বন্ধ হয়ে যায় একের পর এক ধারাবাহিক। তবে অনেক সময় ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি এতটাই প্রিয় হয়ে ওঠে দর্শকদের যে ধারাবাহিক (Godhuli Alaap fan attack at star jalsa) শেষের খবরে তাঁদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে।
আর এই খবর জানাজানি হতেই রীতিমতো ক্ষিপ্ত এই ধারাবাহিকের অনুরাগীরা। শুক্রবার স্টার জলসার অফিসে হানা দেন এই ধারাবাহিকের বেশ কয়েকজন অনুরাগী। তাঁদের দাবি এখনই যেন বন্ধ না করা হয় তাঁদের প্রিয় এই ধারাবাহিকটিকে।

২০২২ এর মার্চ মাসে শুরু হয়েছিল গোধূলি আলাপ। এই ছবির মধ্যে দিয়ে দীর্ঘদিন পর ধারাবাহিকে ফিরেছিলেন অভিনেতা কৌশিক সেন। রাজ চক্রবর্তী প্রযোজিত এই ধারাবাহিকের অন্যান্য চরিত্রেও ছিলেন স্বনামধন্য তারকারা। বর্ষীয়ান অভিনেত্রী সোহাগ সেন, ভাস্বর, অর্পিতা মুখোপাধ্যায়, ঋজু বিশ্বাস সহ অন্যান্য তারকাদের অভিনয়ে মুগ্ধ ছিলেন দর্শকরা। পাশাপাশি প্রথম ধারাবাহিকেই দর্শকদের মুগ্ধ করেছিলেন নায়িকা সোমু সরকার।
অসমবয়সি প্রেমের গল্পেও নায়ক হিসেবে অনুরাগীদের প্রিয় হয়ে উঠেছিলেন উকিলবাবু ওরফে কৌশিক সেন। সেই কারণেই শেষ হওয়ার খবরে অনুরাগীরা তৈরি করেছেন নতুন হ্যাশট্যাগ #wewantOurGodhuliAlap

এই হ্যাশট্যাগ ব্যবহার করেই চ্যানেলের পেজে গিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনুরাগীরা। তাঁদের কথায় বাংলাদেশ, জাপান সহ সারা পৃথিবীর বাঙালিরা পছন্দ করেন এই ধারাবাহিককে। পাশাপাশি, টিআরপি তালিকাতেও দীর্ঘদিন ধরে ভাল ফল করছে 'গোধূলি আলাপ'। ফলে, প্রাইম টাইমের যে শো ভাল ফল করতে পারছে না তাকে জায়গা ছাড়তে কেন সরে যেতে হবে গোধূলি আলাপ-কে, প্রশ্ন অনুরাগীদের।

প্রসঙ্গত, সন্ধে সাতটায় দীর্ঘদিন ধরেই ভাল ফল করতে পারছে না গাঁটছড়া। এবার গোধূলি আলাপ-এর জায়গায় রাত ১০.৩০টায় গাঁটছড়া আসতে চলেছে, অন্যদিকে নতুন ধারাবাহিক তুঁতে দেখানো হবে সন্ধে ৭টার স্লটে। ফলে, নোলক-অরিন্দমের অনুরাগীদের নিশানায় যে গাঁটছড়া তা একপ্রকার স্পষ্ট।
'বুড়ো বয়সে বিয়ে! ছিঃ!', সমালোচকদের কড়া জবাব আশিস বিদ্যার্থীর