গৌরী খান স্বীকার করেছেন, ক্যারিয়ারের শুরুতে তিনি প্রার্থনা করতেন শাহরুখ খানের সব ছবি ফ্লপ হোক। কেন এমনটা চাইতেন শাহরুখের স্ত্রী? জানুন সেই অজানা গল্প।

গৌরী খান ও শাহরুখ খান
শেষ আপডেট: 13 September 2025 12:11
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সেরা জুটির তালিকায় প্রথম সারিতেই আসে শাহরুখ খান ও গৌরী খানের নাম। তাদের প্রেমকাহিনি আজও চর্চিত। তবে এই সম্পর্কের অন্দরমহলে এমন এক সত্যি লুকিয়ে আছে, যা শুনলে অবাক হতে হয়।
যে শাহরুখ একসময় শুধু গৌরীর জন্যই দিল্লি থেকে চলে এসেছিলেন মুম্বইতে, সেই গৌরীই নাকি প্রথমদিকে চাইতেন শাহরুখের ছবি যেন একের পর এক ফ্লপ হয়। কারণ, তখন গৌরী মোটেই চাইছিলেন না যে তাঁর স্বামী বলিউডে কেরিয়ার গড়ে তুলুন।
এক সাক্ষাৎকারে খোলাখুলি সেই সত্যিই জানিয়েছিলেন গৌরী খান। তাঁর কথায়, “সবাই ভাবে আমি সবসময় শাহরুখের পাশে থেকে তাকে সমর্থন করেছি। কিন্তু আসল সত্যিটা হলো, আমি চাইতাম ওর সিনেমাগুলো না চলুক। তখন আমার বয়স মাত্র ২১। খুব অল্প বয়সেই বিয়ে হয়েছিল। আমি জানতাম সিনেমা জগতে জায়গা পাওয়া কতটা কঠিন। মনে হতো, যদি ওর ছবি হিট না হয়, তবে আমরা ফের দিল্লি ফিরে যাব।”
গৌরী আরও জানিয়েছিলেন, সিনেমা জগতটা তখন তাঁর কাছে একেবারেই অচেনা। তাই সবকিছু তাঁকে ভীত করত। সেই কারণেই অন্তরে চাইতেন শাহরুখের ছবি না চলুক। কিন্তু ভাগ্যের ফের, শাহরুখের সিনেমা একের পর এক সাফল্য পেতে শুরু করল। গৌরী বলেন, “আমি বুঝতেই পারিনি কবে ও এত বড় স্টার হয়ে গেল।”
তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। স্বামীর সাফল্যে গর্ববোধ করতে শুরু করেন গৌরী। শুধু তাই নয়, নিজেও কেরিয়ার তৈরি করেন। মুম্বইতেই গড়ে ওঠে নতুন সংসার, আর শাহরুখ-গৌরীর জীবন হয়ে ওঠে বলিউডের রূপকথা।