অদ্ভুত এক ভোরের মতোই ঘোষণা এসেছিল—বাংলা ছবি ‘পুতুল’ ঢুকে পড়েছে অস্কারের দৌড়ে। যে স্বপ্নকে একদিন অতি দূরের আকাশের মতো মনে হয়েছিল, পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের সেই স্বপ্ন বাস্তবের জমিনে ঝলসে উঠেছিল।

ইফিতে পুতুল।
শেষ আপডেট: 22 November 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: অদ্ভুত এক ভোরের মতোই ঘোষণা এসেছিল—বাংলা ছবি ‘পুতুল’ ঢুকে পড়েছে অস্কারের দৌড়ে। যে স্বপ্নকে একদিন অতি দূরের আকাশের মতো মনে হয়েছিল, পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের সেই স্বপ্ন বাস্তবের জমিনে ঝলসে উঠেছিল। ‘বেস্ট পিকচার’—এই তো চলচ্চিত্রের পৃথিবীর সবচেয়ে কাঙ্খিত মুকুট। আর সেই জায়গাতেই, ‘মোয়ানা ২’ কিংবা ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর মতো বিশ্বচর্চিত ৩৮টি ছবির সঙ্গে কাঁধ মিলিয়ে নমিনেশনে স্থান পেয়েছিল বাংলা ছবি ‘পুতুল’।
ছবিতে রয়েছেন তনুশ্রী শঙ্কর, মুমতাজ সরকার, ভেনেসার অনবদ্য অভিনয়ে গড়ে ওঠা এক সংবেদনশীল গল্প। শুধু তাই নয়, ছবির গান ‘ইতি মা’–র সৌজন্যে ইমন চক্রবর্তীও পৌঁছে গিয়েছিলেন অস্কারের প্রতিযোগিতা পর্যায়ে। ইতিহাস বলবে—অস্কারের ‘বেস্ট পিকচার’ বিভাগের নমিনেশনে এটাই প্রথম কোনও বাংলা ছবি।
আর আজ এল আরও একটি সুখবর—যেন ছবির যাত্রাপথ সম্পূর্ণ হওয়ার উপযুক্ত পরিণতি। ২৮ নভেম্বর, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (IFFI) ৫৬তম আসরের শেষ দিনে, বিশেষ প্রদর্শনীর জন্য নির্বাচিত হল ‘পুতুল’। ওয়েভস (WAVES)প্রোগ্রামে বিশ্বব্যাপী এক্সক্লুসিভ স্ক্রিনিং—এক কথায়, আন্তর্জাতিক মঞ্চে নতুন করে জন্ম নিল ছবিটি।
নিজের প্রাপ্তি নিজের ভাষায় জানিয়ে ইন্দিরা ধর মুখোপাধ্যায় বললেন, “‘পুতুল’ ছবিটা যেন তার নিজের সম্পূর্ণ বৃত্তটা পূর্ণ করল। যে স্বীকৃতি পাওয়ার ছিল, সবটাই এসে জড়ো হল আমাদের ছবির কাছে। ভারত সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রক, প্রসার ভারতীর প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। অস্কারের নমিনেশনের পর এই সম্মান সত্যিই বিশাল এক অর্জন।”
WAVES কী?
WAVES হল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (IFFI)-এর সঙ্গে আয়োজিত একটি আন্তর্জাতিক ফিল্ম মার্কেট, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, প্রযোজক, ডিস্ট্রিবিউটর ও উৎসব–পরিকল্পনাকারীরা একত্রিত হন। এখানে নতুন ছবির বাজার তৈরি হয়, আন্তর্জাতিক সহযোগিতা গড়ে ওঠে এবং নানা দেশের ফিল্ম প্রফেশনালরা সম্ভাবনাময় প্রকল্প বেছে নেন। মূলত এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ছবির ভবিষ্যৎ সম্ভাবনা ও আন্তর্জাতিক যাত্রাপথ শুরু হয়—নতুন সিনেমাকে বিশ্বদরবারে তুলে ধরার গুরুত্বপূর্ণ দরজা হিসেবে কাজ করে WAVES।