‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন মুক্তির পর থেকেই একাধিক কারণে আলোচনার কেন্দ্রে রয়েছে ওয়েব সিরিজটি। তবে এই সিজনের সবচেয়ে আলোচিত দিক নিঃসন্দেহে সচিব জি (জীতেন্দ্র কুমার)-এর সঙ্গে প্রধান জির মেয়ে রিঙ্কির (সানভিকা) প্রেমের রসায়ন।

রিঙ্কি
শেষ আপডেট: 2 July 2025 20:09
দ্য ওয়াল ব্যুরো: ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন মুক্তির পর থেকেই একাধিক কারণে আলোচনার কেন্দ্রে রয়েছে ওয়েব সিরিজটি। তবে এই সিজনের সবচেয়ে আলোচিত দিক নিঃসন্দেহে সচিব জি (জীতেন্দ্র কুমার)-এর সঙ্গে প্রধান জির মেয়ে রিঙ্কির (সানভিকা) প্রেমের রসায়ন। এই তরুণী অভিনেত্রীকে নিয়েই এখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে—অনেকে তাঁকে বলছেন ‘নতুন ন্যাশনাল ক্রাশ’। কে এই সানভিকা?
মুম্বইয়ে অভিনয়ের খোঁজে, ছেড়ে আসেন ইঞ্জিনিয়ারিং
মধ্যপ্রদেশের জবলপুরের মেয়ে সানভিকার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য সামনে আসেনি। তবে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেও কর্পোরেট চাকরি করতে চাননি। এমনকী বাবা-মাকে মিথ্যে বলে বেঙ্গালুরুতে চাকরির নাম করে মুম্বই চলে আসেন, শুধুমাত্র অভিনয়কেই কেরিয়ার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে।
সানভিকার জীবনের মোড় ঘোরে ‘পঞ্চায়েত’-এর মাধ্যমে। যদিও প্রথম দুই সিজনে তাঁর চরিত্র খুব একটা গুরুত্ব পায়নি, কিন্তু তৃতীয় সিজন থেকেই সচিব জির সঙ্গে রিঙ্কির সম্পর্কের সূচনা হয় এবং তা চতুর্থ সিজনে এসে মূল আকর্ষণে পরিণত হয়েছে।
শুধু ‘পঞ্চায়েত’ নয়, আরও প্রোজেক্টেও দেখা গিয়েছে তাঁকে
‘পঞ্চায়েত’-এর পাশাপাশি সানভিকাকে দেখা গিয়েছে আরও কিছু ওটিটি শো-তে, যেমন ‘লখন লীলা ভার্গব’ ও ‘হজামত’। ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন এই তরুণী অভিনেত্রী। সানভিকা ও জীতেন্দ্র কুমারের চুম্বনের দৃশ্যও দর্শকমহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক সাক্ষাৎকারে ‘Just Too Filmy’-কে তিনি জানান, প্রথমে স্ক্রিপ্টে এই চুম্বনের বিষয়টি ছিল না। পরে পরিচালক অক্ষত তাঁকে বিষয়টি জানান যে, একটি দৃশ্যে সচিব জি ও রিঙ্কির মধ্যে চুম্বনের মুহূর্ত রাখা হয়েছে।
“আমি তখন বলেছিলাম, আমাকে দু’দিন সময় দিন। আমি ভেবে দেখব আমি কতটা স্বচ্ছন্দ। ‘পঞ্চায়েত’ মূলত পরিবার ভিত্তিক শো, দর্শকদের জন্য বানানো, তাই চিন্তাও হচ্ছিল দর্শকের প্রতিক্রিয়া নিয়ে,” জানান তিনি। অবশেষে সেই গাড়ির দৃশ্য বাদ পড়ে, বদলে সিরিজে ঢুকে পড়ে ‘ট্যাঙ্ক সিন’—যেখানে রিঙ্কি ও সচিব জির ঘনিষ্ঠতা অন্যভাবে তুলে ধরা হয়েছে।
সানভিকার ইনস্টাগ্রামে এখন ৫.৯৫ লক্ষেরও বেশি ফলোয়ার, যদিও তিনি নিজে কাউকে ফলো করেন না। জনপ্রিয়তার বিচারে এখন তিনিও ওটিটির নতুন সেনসেশন।