‘সাইয়ারা’র পর ভাইরাল আহান পাণ্ডের পুরনো ভিডিও। অভিনয় প্রশিক্ষণে কেমন ছিলেন, সমকামী চরিত্রে অভিনয়ের সময় কী করলেন, জানালেন ইউটিউবার নিখিল পাণ্ডে।
.png.webp)
‘সাইয়ারা’
শেষ আপডেট: 24 July 2025 20:32
দ্য ওয়াল ব্যুরো: ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই বলিউডের নতুন মুখ আহান পাণ্ডেকে নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। সদ্য মুক্তি পাওয়া এই রোম্যান্টিক ড্রামা একদিকে যেমন বক্স অফিসে সাফল্যের মুখ দেখছে, তেমনই প্রশংসা কুড়োচ্ছেন ছবির মুখ্য অভিনেতা আহান। কিন্তু এই অভিনয় ‘স্বাভাবিক’ প্রতিভা নয়— বরং বছরের পর বছর ধরে ওয়ার্কশপে ঘষেমেজে তৈরি হয়েছে এই দক্ষতা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে এক পুরনো ভিডিও। ইউটিউবার নিখিল পাণ্ডে জানিয়েছেন, একটি অভিনয় প্রশিক্ষণ শিবিরে একসময় আহানের সঙ্গে ছিলেন তিনিও। ভিডিওতে নিখিল বলেন, “আহান পাণ্ডে ছিল, কিন্তু সবসময় দেরি করে আসত। চেইন স্মোকার ছিল। একেবারে ২১ বছরের একটা ছেলে যে হয়তো অভিনেতা হওয়ার চেষ্টা করছিল। আমি ওকে পছন্দ করতাম না… কিন্তু ক্যামেরার সামনে ও অসাধারণ।”
আরও চমকে দিয়েছেন তিনি একটি দৃশ্যের উল্লেখ করে। প্রশিক্ষণের সময় আহানকে দেওয়া হয়েছিল একটি সমকামী চরিত্রের দৃশ্য, যেখানে প্রেমিক তার এইডসে আক্রান্ত সঙ্গীকে ওষুধ দিচ্ছে। দৃশ্যটি আবেগপ্রবণ এবং কঠিন হলেও আহান তা অনায়াসে করে ফেলেছিলেন বলে জানান নিখিল। “ও সরাসরি গিয়ে সহ-অভিনেতাকে চুমু খেয়ে ফেলল, কোনও আগাম সতর্কতা ছাড়াই। কিন্তু দু’জনেই খুব কমিটেড ছিল, তাই সিনটা পারফেক্ট হয়,” বলেন তিনি।
ইতিমধ্যেই বক্স অফিসে ১৫০ কোটির গণ্ডি পার করেছে ‘সাইয়ারা’। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর থেকেই ধামাকা করছে এই ছবি। প্রথম দিনেই ছবির কালেকশন ছিল ২১.২৫ কোটি টাকা, যা মোহিত সুরির পরিচালিত আগের হিট ‘মার্ডার ২’ (৬.৯৫ কোটি), ‘আশিকী ২’ (৬.১০ কোটি) এবং ‘হাফ গার্লফ্রেন্ড’ (১০.৩০ কোটি)-এর চেয়েও অনেক বেশি।
মোহিত সুরির ‘এক ভিলেন’-এরও (২০১৪) ওপেনিং ডে কালেকশন ছিল ১৬ কোটি টাকা, সেখানেও রেকর্ড ভেঙে দিয়েছে ‘সাইয়ারা’। মাত্র চার দিনেই ১০০ কোটিরও বেশি উপার্জন করে ফেলে মোহিতের কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং হয়ে উঠেছে এই ছবি।