অনেক বছর আগের এক ফ্রেম। প্রায় পনেরো বছর আগে কোনও পত্রিকার ফটোসাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছিল সেই মুহূর্ত। ছবিতে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, তাঁর স্ত্রী শান্তা আর তাঁদের ছোট্ট ছেলে শুদ্ধ।

চঞ্চল-শান্তা
শেষ আপডেট: 28 August 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: অনেক বছর আগের এক ফ্রেম। প্রায় পনেরো বছর আগে কোনও পত্রিকার ফটোসাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছিল সেই মুহূর্ত। ছবিতে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, তাঁর স্ত্রী শান্তা আর তাঁদের ছোট্ট ছেলে শুদ্ধ। সেদিনের সেই ছবিই আজ আবার ফিরে এল স্মৃতির অ্যালবাম থেকে। কারণ, আজকের দিনটা তাঁদের জীবনের বিশেষ দিন—বিয়ের দিন।
কিন্তু অকপটে স্বীকার করলেন অভিনেতা, দিনটা তিনি ভুলেই গিয়েছিলেন। এমনকি কত তম বিবাহবার্ষিকী, সেটাও মনে করতে পারেননি। স্ত্রীর একটি লেখা দেখে মনে পড়েছে তাঁর। আর তখনই ভেতরে কাজ করেছে লজ্জা আর অপরাধবোধ। চঞ্চল লিখেছেন, “সত্যিই আমার মনে ছিলো না… প্রায় বছরই এরকম ঘটে!”

নিজের স্বীকারোক্তিতে বিন্দুমাত্র রাখঢাক নেই। তিনি খোলাখুলি লিখেছেন, “অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও, সাংসারিক জীবনে কিন্তু আমার ব্যর্থতার শেষ নেই। আর ভুলে যাওয়াটা আমার একটা অসুখের মতো।” কিন্তু এখানেই তাঁর উপলব্ধি—এত ভুলভ্রান্তির পরেও শান্তা আজও অভিযোগহীন সঙ্গিনী। চঞ্চলের স্বীকারোক্তি, “এত কিছুর পরেও সেখান থেকে তেমন কোনও বড় অভিযোগ আসে না বলেই… এখনো টিকে আছি।”
দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পর্দায় তাঁর সাবলীল অভিনয় বারবার দর্শকের হৃদয় জয় করেছে। অথচ ব্যক্তিজীবনকে তিনি কখনও খুব বেশি আলোচনায় আনেন না। তবু এই বিশেষ দিনে স্ত্রী ও ছেলেকে নিয়ে পুরনো ছবি পোস্ট করে তিনি শেয়ার করলেন মনের গভীর অনুভব। স্ত্রীর কাছে একপ্রকার ক্ষমাপ্রার্থনাই যেন ভেসে উঠেছে তাঁর লেখায়।
শেষে শান্তার উদ্দেশে চঞ্চলের কৃতজ্ঞতা ঝরে পড়েছে নিঃশব্দ ভালোবাসায়। তিনি লিখেছেন, “ধন্যবাদ শান্তা… শুভ বিবাহ বার্ষিকী।”
ভুলে যাওয়া দিন, অগণিত ব্যস্ততার ফাঁকে কখনও স্মৃতিহীনতা—তবুও ভালোবাসার কাছে সেই সব ব্যর্থতা ম্লান হয়ে যায়। চঞ্চল ও শান্তার এই যাত্রা যেন প্রমাণ করে দেয়, সম্পর্ক টিকে থাকে শুধুই সহমর্মিতা আর নিঃশর্ত ভালোবাসার ভিতের ওপর।