
শেষ আপডেট: 26 November 2023 18:46
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবি যুবকের বাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘটল কানাডায়। ওই পাঞ্জাবি গায়কের নাম গিপ্পি গ্রেওয়াল। এই গুলি চালানোর দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। জানা গিয়েছে, সলমনের সঙ্গে সখ্যতার কারণেই এমন অতর্কিতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। এমনকী বিষ্ণোই নিজেও তা সরাসরি বলেছে। এই ঘটনার ফের সলমন এবং তাঁর কাছের মানুষদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।
জানা গিয়েছে, শনিবার গিপ্পির ভেঙ্কুভারের বাড়ির বাইরে থেকে হামলা চালায় একদল দুষ্কৃতী। একনাগাড়ে গুলি চালানো হয় সেই বাড়ি লক্ষ্য করে। ঘটনার পরপরই কুখ্যাত লরেন্স বিষ্ণোই ঘটনার দায় স্বীকার করে। সে আগেও একাধিকবার সলমনকে খুনের হুমকি দিয়েছে। এদিন এক ফেসবুক পোস্টে গিপ্পিকে উদ্দেশ্য করে সে লেখে, “তুমি তো সলমন খানকে ভাই বলে ডাকো। এবার তোমার ভাইয়ের সময় এসেছে তোমাকে বাঁচানোর। এই বার্তাটি ওঁর জন্যও।”
সম্প্রতি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুনের ঘটনায় দায়স্বীকার করেছিলেন এই বিষ্ণোই-ই। তারমধ্যেই এবার গিপ্পি গ্রেওয়ালের বাড়িতে গুলি চালানোর ঘটনায় স্তম্ভিত গোটা পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রি। তার উপর সলমনকে দেওয়া সতর্কবার্তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তবে জিপ্পি এখনও এই ঘটনায় কোথাও মুখ খোলেননি। সলমন নিজেও কোনও প্রতিক্রিয়া দেননি। ইতিমধ্যে ভেঙ্কুভারের পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।