সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে এফআইআর! রণবীর-আলিয়ার ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’কে ঘিরে বাড়ছে বিতর্ক।

সঞ্জয় লীলা বনশালি
শেষ আপডেট: 3 September 2025 11:41
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের বিকানের জেলায় প্রতারণা, দুর্ব্যবহার এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে বিখ্যাত বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালি-সহ আরও দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বনশালির আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সঙ্গেই এই মামলার যোগ রয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া তথ্য অনুযায়ী, অভিযোগ দায়ের করেছেন প্রতীক রাজ মাথুর। তাঁর দাবি, বনশালি তাঁকে ছবির জন্য লাইন প্রোডিউসার হিসেবে চুক্তি করেছিলেন, কিন্তু পরে চুক্তি বাতিল করা হয়।
বিকানের সদর সার্কেল অফিসার বিশাল জাঙ্গিদ জানিয়েছেন, মাথুর অভিযোগ করেছেন, প্রথমে লাইন প্রোডিউসারের দায়িত্ব দিয়ে বনশালি ও তাঁর টিম বিনা পারিশ্রমিকে তাঁর দিয়ে কাজ করিয়ে নেন। পরে কোনও কারণ না দেখিয়েই তাঁকে সরিয়ে দেওয়া হয়।
আদালতের নির্দেশে সোমবার বিছওয়াল থানায় বনশালির পাশাপাশি ছবির প্রযোজক অরবিন্দ গিল ও উৎকর্ষ বালি-র বিরুদ্ধেও প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মাথুরের দাবি, তিনি ছবির শ্যুটিংয়ের যাবতীয় ব্যবস্থা করেছিলেন, সরকারী দফতরের সঙ্গেও সমন্বয় করেছিলেন। কিন্তু একদিন হোটেলে ছবির টিমের সঙ্গে দেখা করতে গেলে বনশালি ও অন্যান্যরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।
বিছাওয়াল থানার এসএইচও গোবিন্দ সিং চরণ এই মামলার তদন্ত করছেন।
এদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। বনশালির হীরামান্ডি সিরিজের পর এটি তাঁর বড় মাপের নতুন প্রোজেক্ট। রণবীর ও ভিকি ভারতীয় বিমানবাহিনীর পাইলটের ভূমিকায় থাকবেন। ছবির বেশিরভাগ শ্যুটিং হয়েছে রাজস্থানে। আগামী ২০ মার্চ, ২০২৬-এ মুক্তি পাবে ছবিটি।