
ফাতিমা সানা শেখ
শেষ আপডেট: 5 April 2025 17:14
দ্য ওয়াল ব্যুরো: অনেকেই জানেন ফাতিমা সানা শেখের প্রথম অভিনীত ছবি ‘দঙ্গল’। ২০১৬ সালের ব্লকবাস্টার ছবি ছিল আমির-ফাতিমা অভিনীত ‘দঙ্গল’। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ্যে এল এত নতুন তথ্য। ‘দঙ্গল’ ফাতিমার বড়বেলার প্রথম ছবি। কারণ তিনি এর আগেও আমিরের সঙ্গে অভিনয় করেছেন। তবে, তখন ফাতিমা অনেক ছোট।
ফাতিমা এর আগে আমির খান, কাজল, জুহি চাওলা এবং অজয় দেবগণ অভিনীত ইশক ছবিতে একজন শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। ছবিটির একটি দৃশ্য এখন অনলাইনে বেশ ভাইরালও হয়েছে যেখানে ফাতিমাকে কাজলের কোলে গোলাপি রঙের ফ্রক পরা অবস্থায় দেখা যাচ্ছে।
সম্প্রতি ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার এক পডকাস্ট শো-তে আসেন ফাতিমা সানে শেখ। কথোপকথনেের একাংশে ফাতিমা বলেন, ‘বহু আগে, ‘ইশক’ নামে একটি ফিল্ম ছিল। তাতে, একটি দৃশ্য রয়েছে যেখানে আমির বলতে থাকেন ‘মারা, মারা, মারা' বলে এবং তাঁর সামনে দেখা যায় কাজলকে, যাঁর কোলে একটি ছোট্ট মেয়ে ছিল, সেই শিশুটি আমি। ওটাই আমি ছিলাম।
আমির খান, অমিতাভ বচ্চন এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ঠগস অফ হিন্দোস্তান’-এও দেখা গিয়েছিল ফাতিমা সানা শেখকে। যদিও ছবিটি বক্স অফিসে একটি বিরাট বড় বিপর্যয় ছিল। ফাতিমা ‘চাচি ৪২০’, ‘বড়ে দিলওয়ালা’ এবং ‘ওয়ান টু কা ফোর’-এর মতো ছবিতে শিশুশিল্পী হিসেবেও কাজ করেছেন।
গত বছর আরও একটি খবর প্রকাশ্যে আসে, এপিলেপসি অর্থাৎ মৃগী রোগে আক্রান্ত ফাতিমা। ফাতিমার কথায়, ‘দঙ্গল-এর সময়ই আমার প্রথম মৃগী রোগটি ধরা পড়ে। তবে প্রথমে আমি কিছুতেই মানতে পারছিলাম না। স্বীকার করতেই রাজি ছিলাম না যে আমার এই ব্যাধি রয়েছে, তাই কোনও ওষুধও খাইনি। খুব ভয়ে ছিলাম যদি লোকজনের সামনে খিঁচুনি শুরু হয়, যেটা কিনা এই রোগের অন্যতম এক লক্ষ্মণ। মৃগী রোগীদের অনেক কলঙ্কের ভাগীদার হতে হয়, লোকেরা মনে করে আপনি হয়ত মাদকাসক্ত, মনোযোগ পেতে চাইছেন, অথবা ভোগ করছেন। অনেকেই এই রোগে আক্রান্তদের এড়িয়ে যেতে চান।’
প্রসঙ্গত, ফাতিমা সানা শেখের আপাতত অনুরাগ বসুর ‘মেট্রো...ইন দিনো’, বিজয় ভার্মা এবং নাসিরুদ্দিন শাহের ‘উল জালুল ইশক’, এবং আর মাধবনের সঙ্গে ‘আপ জ্যায়সা কোই’তে অভিনয় করছেন।