১৯৬২ সালের রেজং লা যুদ্ধের বীরত্বগাথা নিয়ে তৈরি ফারহান আখতার অভিনীত ‘১২০ বাহাদুর’। কলকাতায় এসে ছবির প্রচারে ভক্তদের সঙ্গে শেয়ার করলেন আবেগ।

ফারহান আখতার
শেষ আপডেট: 10 September 2025 19:09
দ্য ওয়াল ব্যুরো: ফারহান আখতার অভিনীত নতুন সিনেমা '১২০ বাহাদুর' মুক্তির আগে কলকাতায় এলেন অভিনেতা। শহরের একটি প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি তাঁর অনুরাগী ও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং সিনেমাটি নিয়ে নিজের আবেগ ও উত্তেজনা প্রকাশ করেন।
'১২০ বাহাদুর' সিনেমার গল্পটি পরমবীর চক্রপ্রাপ্ত মেজর শয়তান সিং ভাটির সাহস ও দেশপ্রেমের উপর ভিত্তি করে তৈরি। এটি একটি যুদ্ধভিত্তিক সিনেমা, যা ১৯৬২ সালের রেজং লা যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।
এই ছবিতে ১২০ জন ভারতীয় সৈনিকের বীরত্বগাথা তুলে ধরা হয়েছে, যারা শত্রুর বিরুদ্ধে পিছপা না হয়ে শেষ রক্তবিন্দু দিয়ে দেশের মাটি রক্ষা করেছিলেন। ভারতীয় সামরিক ইতিহাসে এই যুদ্ধটিকে অন্যতম সাহসী প্রতিরোধ হিসেবে বিবেচনা করা হয়।
'হাম পিছে নেহি হটেঙ্গে'—এই কথাটি সিনেমার মূল ভিত্তি, যা দেশপ্রেমের অদম্য চেতনাকে ফুটিয়ে তোলে। রাজনিশ ঘাই পরিচালিত এবং রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার (এক্সেল এন্টারটেইনমেন্ট) এবং অমিত চন্দ্র (ট্রিগার হ্যাপি স্টুডিওস) প্রযোজিত এই ছবিটি ২০২৫ সালের ২১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।