উল্লেখযোগ্য বিষয়, BTS-এর সদস্য জাংকুক অতীতে তাঁর পুরনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দিয়েছিলেন এবং পরে নতুন নামে ফিরে আসেন। ফলে ভুয়ো বা বিভ্রান্তিকর পোস্ট নিয়ে অনুরাগীদের সতর্ক থাকার পরামর্শও দিচ্ছেন অনেকে।
.jpeg.webp)
শেষ আপডেট: 24 March 2026 12:52
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের শুরু থেকেই খবরের শিরোনামে অরিজিৎ সিং। জনপ্রিয় এই গায়কের একটা পোস্টেই তোলপাড় হয়েছিল গোটা দেশ। নিজের সঙ্গীতজীবনের এক বড় সিদ্ধান্তের কথা জানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। জানিয়েছিলেন, নতুন প্লেব্যাক গানে আর নিজেকে কোনওভাবেই যুক্ত করবেন না তিনি। যদিও হাতে থাকা চুক্তিবদ্ধ বেশকিছু প্রজেক্টের কাজ শেষ হতে এখনও কিছুটা সময় বাকি, তবে ভবিষ্যতে স্বাধীন সঙ্গীতেই মনোনিবেশ করার ইচ্ছার কথা জানিয়েছেন শিল্পী।
এই ঘোষণার পর থেকেই তাঁর বাড়িকে ঘিরে বাড়ছে কৌতূহল। একের পর এক খ্যাতনামা শিল্পী ও তারকার আনাগোনা নজর কেড়েছে। ব্রিটিশ গায়ক এড শিরান (Ed Sheeran) থেকে শুরু করে বলিউড অভিনেতা আমির খান (Aamir Khan)—অনেকেই সম্প্রতি কাজের সুবাদে তাঁর বাড়িতে এসেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন কোরিয়ান পপ তারকা জাংকুক (Jungkook)।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় জাংকুক নাকি গোপনে ভারতে এসে অরিজিৎ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবিতে দু’জনকে পাশাপাশি বসে হাসিমুখে দেখা যায়। পোস্টেই স্পষ্ট করা হয়, এই সফর কোনও অনুষ্ঠান বা প্রচারের জন্য নয়, বরং নিছক সঙ্গীতচর্চার উদ্দেশ্যেই। এমনকি তাঁদের মধ্যে কোনও যৌথ কাজের ইঙ্গিতও থাকে সেখানে।
এই পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই অনুমান করতে শুরু করেন, তবে কি আন্তর্জাতিক স্তরে নতুন কোনও কোলাবরেশনের খবর আসতে চলেছে? তবে খুব শীঘ্রই বিষয়টা স্পষ্ট হয়ে যায়, যেখান থেকে ছবিটি ছড়িয়েছে সেটি জাংকুকের অফিসিয়াল অ্যাকাউন্ট নয়, বরং একটি ফ্যানপেজ। ফলে ছবিটির সত্যতা নিয়ে প্রশ্নও রয়েছে। একাংশের মতে, এটি AI-এর সাহায্যে তৈরি করা হতে পারে।
উল্লেখযোগ্য বিষয়, BTS-এর সদস্য জাংকুক অতীতে তাঁর পুরনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দিয়েছিলেন এবং পরে নতুন নামে ফিরে আসেন। ফলে ভুয়ো বা বিভ্রান্তিকর পোস্ট নিয়ে অনুরাগীদের সতর্ক থাকার পরামর্শও দিচ্ছেন অনেকে।
এদিকে গানের ময়দানে দু’জন শিল্পীর কাজই সমানভাবে আলোচনায়। দীর্ঘ বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে ফিরেছে BTS, অন্যদিকে অরিজিৎ সিংও একের পর এক নতুন গান উপহার দিচ্ছেন শ্রোতাদের। প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা সত্ত্বেও তাঁর কণ্ঠে মুক্তি পেয়েছে সাম্প্রতিক বেশ কিছু গান, পাশাপাশি স্বাধীন গানের (Independent Song) দিকেও তিনি এগিয়ে চলেছেন।
সব মিলিয়ে, একদিকে জল্পনা, অন্যদিকে বাস্তবতা, এই দুইয়ের মাঝেই আপাতত থমকে রয়েছে অরিজিৎ ও জাংকুকের সম্ভাব্য কোলাবরেশনের গল্প। ফলে অনুরাগীদের এখন অপেক্ষা, আদৌ কি কোনওদিন বাস্তবে রূপ নেবে এই কল্পনা, নাকি এটিই থেকে যাবে সোশ্যাল মিডিয়ার আর এক ‘ভাইরাল’ রহস্য হয়েই?