Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুরু হল ‘ফ্যামিলিওয়ালা’: খোলা উইনডোজে হাওয়ায় ভাসলেন পরিচালক সুমন ঘোষ

আজ থেকে শুরু হল ক্যামেরা রোলিং। ছবির নাম ‘ফ্যামিলিওয়ালা’

শুরু হল ‘ফ্যামিলিওয়ালা’: খোলা উইনডোজে হাওয়ায় ভাসলেন পরিচালক সুমন ঘোষ

‘ফ্যামিলিওয়ালা’

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 28 January 2026 15:43

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে শুরু হল ক্যামেরা রোলিং। ছবির নাম ‘ফ্যামিলিওয়ালা’ (Familywala, Shiboprosad Mukherjee, suman ghosh)। হাসি, আবেগ আর চেনা সম্পর্কের গল্পে মোড়া এই ছবির শুটিং শুরু হল, আর শুরু হয়ে গেল এক বিশেষ অধ্যায়। কারণ, এই ছবির হাত ধরেই প্রথমবার উইনডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক সুমন ঘোষ—যে প্রযোজনা সংস্থা এ বছর পা দিল পথচলার পঁচিশ বছরে।

উইনডোজের রজতজয়ন্তী বছরে ‘ফ্যামিলিওয়ালা’ যেন এক আন্তরিক উপহার। মায়া লীলা ফিল্মসের সহ-প্রযোজনায় তৈরি এই কমেডি-ফ্যামিলি ড্রামা ছবির কেন্দ্রে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী এবং অনসূয়া মজুমদারকে। এই ছবির আরেকটি বিশেষ দিক—স্বস্তিকা ও সুদীপ্তা, দু’জনেই এই প্রথম উইনডোজ প্রোডাকশনের ব্যানারে কাজ করতে চলেছেন।

গল্পের বুননে থাকবে পরিবারের টানাপড়েন, হাসি-কান্না আর সম্পর্কের সূক্ষ্ম রসায়ন—যে আবেগঘন, মানুষের খুব কাছের গল্প বলার ঐতিহ্য উইনডোজ প্রোডাকশন বছরের পর বছর ধরে তৈরি করে এসেছে। সুমন ঘোষের কাছে এই ছবি নিছক আরেকটি কাজ নয়; বহুদিন ধরে যাঁদের কাজ তিনি শ্রদ্ধার চোখে দেখেছেন, সেই টিমের সঙ্গে সৃজনশীল সহযাত্রার স্বপ্ন পূরণ হচ্ছে এই ছবিতে।

ছবি নিয়ে কথা বলতে গিয়ে সুমন ঘোষ নিজেই জানিয়েছেন, উইনডোজের সঙ্গে তাঁর প্রথম কাজ হওয়াটা গর্বের। তাঁর কথায়, ‘ফ্যামিলিওয়ালা’ একেবারেই হালকা মেজাজের পারিবারিক ছবি, যেখানে শিবপ্রসাদের চরিত্র এমনভাবে গড়া হয়েছে যাতে অভিনেতা হিসেবে তিনি সবচেয়ে উজ্জ্বলভাবে ধরা পড়ে। উইনডোজ যখন পঁচিশ বছরের গৌরবময় সফর সম্পূর্ণ করছে, তখন এই ছবিটি যেন সেই যাত্রার সঙ্গে এক উষ্ণ, হৃদয়ের কাছের সংযোজন হয়ে ওঠে—এই প্রত্যাশাই তাঁর।

এই ছবির জন্মকথা আরও ব্যক্তিগত, আরও আবেগঘন। ছবির প্রযোজক এবং অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই ফেসবুকে লিখেছেন সেই গল্প। ডিসেম্বর, ২০২৪—তখন হলে চলছে ‘বহুরূপী’। ঠিক সেই সময় একদিন সুমন ঘোষ তাঁকে বলেন, তাঁর বাড়িতে কেউ একজন শিবপ্রসাদের জন্য অপেক্ষা করছেন। সেখানেই পরিচয় মাসিমার সঙ্গে। মাসিমা তাঁদের সব ছবি দেখেছেন, ছবির সূত্রেই তাঁদের প্রতি তৈরি হয়েছে গভীর ভালবাসা। সেই প্রথম আলাপেই যেন এক অদৃশ্য সুতোয় জড়িয়ে পড়েন দুই পরিবার—সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নেয় ‘ফ্যামিলিওয়ালা’র ভাবনা।

শিবপ্রসাদের জীবনে এই ছবি আরও এক দিক থেকে স্মরণীয়। এত বছরের উইনডোজ সফরে এই প্রথম তিনি অন্য কোনও পরিচালকের নির্দেশনায় কাজ করতে চলেছেন। সুমন ঘোষকে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘ফ্যামিলিওয়ালা’-তে তাঁর চরিত্র এমন এক অভিজ্ঞতা, যা যেকোনও অভিনেতার কাছেই আজীবনের প্রাপ্তি হয়ে থাকে। আর যাঁদের সঙ্গে তিনি পর্দা ভাগ করে নিচ্ছেন—লিলি চক্রবর্তী, অনসূয়া মজুমদার, স্বস্তিকা মুখোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তী—তাঁদের সকলের প্রতিই তাঁর শ্রদ্ধা।


```