ধারাবাহিকের এক্সিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দী বলেন, ''ফোনেই যেটুকু জানতে পেরেছি। ওখানে যাঁরা ছিলেন সবাই এরকম একটা ঘটনার পর স্তম্ভিত।'' সবাই গোটা বিষয়টা সামলে ওঠার চেষ্টা করছে। তাই ওদের সঙ্গেও যে শান্তনুর বিস্তারিতভাবে কথা বলার সুযোগ হয়েছে, এমনটা নয়।

শেষ আপডেট: 29 March 2026 23:53
দ্য ওয়াল ব্যুরো: দিঘার তালসারি বিচে শ্যুটিংয়ের সময় জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee death)। এখনও পর্যন্ত নানারকম খবর পাওয়া যাচ্ছে ঘটনাস্থল থেকে। দ্য ওয়ালের তরফ থেকে ধারাবাহিকের এক্সিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''ঘটনার পর সবাই বিধ্বস্ত। পুলিশ এসেছে, তদন্ত শুরু হয়েছে।''
শান্তনু জানান, কাল রাতেই তিনি শুটিং লোকেশন থেকে ফিরে এসেছেন। তিনি বলেন, ''ফোনেই যেটুকু জানতে পেরেছি। ওখানে যাঁরা ছিলেন সবাই এরকম একটা ঘটনার পর স্তম্ভিত।'' সবাই গোটা বিষয়টা সামলে ওঠার চেষ্টা করছে। তাই ওদের সঙ্গেও যে শান্তনুর বিস্তারিতভাবে কথা বলার সুযোগ হয়েছে, এমনটা নয়।
দ্য ওয়ালকে তিনি বলেন, ''যেটুকু আমি জানতে পেরেছি, আমাদের শ্যুটিং প্রায় শেষই হয়ে গিয়েছিল। অভিনেতাদের একটা ইউনিট বেরিয়েও পড়েছিল কলকাতার উদ্দেশে। শেষ একটা ড্রোন শট নেওয়ার কথা ছিল। আর সেটা গোড়ালি জলেই হওয়ার কথা। যা হয়, সেখান থেকে একটু এগিয়ে যান রাহুল। ইউনিট থেকে বলা হয়েছিল দরকার নেই, কিন্তু রাহুল এগোতে থাকেন। শুনেছি, তারপর একটা ঢেউয়ের ধাক্কায় পা হয়তো হড়কে যায় ওঁর। আর এইসবটাই আমাদের ইউনিটের দু-তিন জনের থেকে শোনা খবর।''
তিনি জানান, ব্যালেন্স হারিয়ে ফেলার পর ইউনিটের লোকজন জলে ঝাঁপ দেয়। নিরাপত্তার জন্য কাছেই যে নৌকোগুলো ছিল, সেখান থেকেও লোকজন জলে ঝাঁপ দেয়। পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই গোটা ঘটনাটা ঘটে যায়। সঙ্গে সঙ্গে নৌকোয় করে ওঁদের পাড়ে নিয়ে আসা হয়েছিল। সময় নষ্ট না করে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাহুলকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায় রাহুল আর নেই।
কলকাতায় রাহুলকে নিয়ে আসা প্রসঙ্গে শান্তনু বলেন, ''শ্যুটিংয়ের জায়গায় ঘটনাটি ঘটেছে, তাই কিছু আইনি জটিলতা থাকবে। পুলিশ তদন্ত করছে, ময়নাতদন্ত হবে। আগামীকালের আগে মনে হচ্ছে না রাহুলের মরদেহ কলকাতায় নিয়ে আসা সম্ভব হবে। ম্যানেজার-সহ বাকি ইউনিট ওখানেই আছে। ফোনে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। আমরা কিছু জানতে পারলে জানাব কখন ওঁকে কলকাতায় নিয়ে আসতে পারছি। এই মুহূর্তে এখন কিছু ভাবতে পারছি না, পরিস্থিতি একটু সামলে যাক।''
ঘটনা হল, এদিন সন্ধের পর শ্যুটিং টিমের থেকে একেক রকম বর্ণনা পাওয়া যায়। কেউ দাবি করেন, শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পর দুর্ঘটনা ঘটেছে। কেউ বা বলেন, শ্যুটিংয়ের সময়ে ঘটনাটি ঘটেছে।
রাহুল বন্দ্যোপাধ্যায় ছিলেন বর্তমান সময়ে অত্যন্ত প্রতিভাবান শিল্পী। তাঁর মৃত্যুর খবর শুনে প্রথমে এদিন অনেকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। কদিন আগেই দিল্লিতে কামানি অডিটোরিয়ামে নাটক মঞ্চস্থ করেছেন। কত আনন্দে হাসি মজায় কেটেছে সেই সময়। তার ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন রাহুল। তার পর হঠাৎ করে সবশেষ।