দ্য ওয়াল ব্যুরো: ফুটবল খেলছেন ফেলুদা। ফুরফুরে মেজাজে সোশ্যাল মিডিয়ায় হাজির টোটা রায় চৌধুরী। বল পায়ে চলল নানা কসরত।
ফিটনেসের ব্যাপারে বরাবরই সচেতন অভিনেতা টোটা রায় চৌধুরী। টলিপাড়ার এই তারকার সুঠাম চেহারায় জানিয়ে দেয় যে নিয়মিত শরীর চর্চার অভ্যাস রয়েছে তাঁর। নাচেও বেশ পারদর্শী তিনি। তবে ফুটবল নিয়ে কসরত দেখাতেও যে টোটা অভ্যস্ত সেকথা বোধহয় এর আগে জানা ছিল না অনেকেরই।
সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এবার ওয়েব সিরিজে ফিরছে ফেলুদা। প্রদোষ মিত্তিরের চরিত্রে অভিনয় করছেন টোটা রায় চৌধুরীই। ফেলুদার লুকেই এবার ফুটবল পায়ে ধরা দিলেন অভিনেতা। টুইটারে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন টোটা। যেখানে দেখা গিয়েছে বেশ পারদর্শীতার সঙ্গেই পায়ে বল নাচাচ্ছেন অভিনেতা। ভিডিও শেয়ার করে টোটা লিখেছেন, "ফেলুদার ফুটবল প্রীতি! চিত্রগ্রহণ তোপসে। উৎসাহ প্রদান জটায়ু।" ওয়েব সিরিজের শ্যুটিংয়ের ফাঁকে লাঞ্চ ব্রেকেই ফুটবল নিয়ে জাগলিংয়ে মেতেছিলেন অভিনেতা।
https://twitter.com/i/status/1223188971666247680
'ছিন্নমস্তার অভিশাপ' এবং 'যত কাণ্ড কাঠমাণ্ডুতে' এই দুই গল্প নিয়েই ওয়েব সিরিজে আসছেন গোয়েন্দা প্রদোষ মিত্র। চলছে শ্যুটিং। ক'দিন আগেই টিম নিয়ে নেপাল গিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আড্ডা টাইমসের এই ওয়েব সিরিজের নাম ;ফেলুদা ফেরত'। প্রযোজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস। গত বছরের শেষ দিনে রিলিজ হয়েছিল ফেলুদা রূপে টোটা রায় চৌধুরীর লুক।
নয়া অবতারে টোটাকে দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, “বইয়ের পাতায় ফেলুদাকে যেমন ভাবে এঁকেছিলেন সত্যজিৎ রায়, হুবহু তাঁর সঙ্গে মিল রয়েছে টোটার। সেই কোট, কালো প্যান্ট, গলায় মাফলার, চুলের বিশেষ স্টাইল-----সব মিলিয়ে একদম নিখুঁত।” এর আগে অবশ্য ‘টিনটোরেটোর যীশু’ ছবিতে সন্দীপ রায়ের পরিচালনায় অভিনয় করেছেন টোটা। তবে ফেলুদা নয়, অন্য এক চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যদিও এবার তিনি পর্দায় আসতে চলেছেন ফেলুদার ভূমিকায়।
ফেলু মিত্তির যেমন ১০০ তে ১০০ পেয়েছেন, তেমনই প্রশংসা হচ্ছে জটায়ুরও। অনির্বাণ চক্রবর্তী রয়েছেন জটায়ু অর্থাৎ লালমোহন গাঙ্গুলির চরিত্রে। ইতিমধ্যেই ওয়েব সিরিজ ‘একেনবাবু’-র দৌলতে বিখ্যাত অনির্বাণ চক্রবর্তী। তাঁর অভিনয় জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। লালমোহনবাবুর চরিত্রে অনির্বাণ কেমন অভিনয় করেন সেটাই এখন দেখার।
ফেলুদা সিরিজের আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তোপসের কাস্টিংয়ে চমক দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’-এ তোপসের চরিত্রে রয়েছেন কল্পন মিত্র। বিজ্ঞাপন জগতের এবং থিয়েটারের পরিচিত মুখ কল্পন। তবে পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। তোপসের চরিত্রে কল্পন কেমন অভিনয় করেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফেলুদার ভক্তরা।