দ্য ওয়াল ব্যুরো: সুরের জাদুকর তিনি। তাঁর সৃষ্টি শুধু কানের আরাম নয়, মনেরও শান্তি। নিত্যনতুন বাদ্যযন্ত্রের ব্যবহার, দুরন্ত কম্পোজিশন বারবার ম্যাজিক তৈরি করে। হৃদয় ছুঁয়ে যাওয়া এই জাদুকরের নাম এ আর রহমান। তাঁর সৃষ্টি বোঝার জন্য সঙ্গীতে অগাধ জ্ঞানের প্রয়োজন নেই। রহমানের কাজ মানেই একরাশ বিস্ময়। যেন একবার তুড়ি মেরে ম্যাজিক করে ফেলেছেন তিনি।
ফিল্ম ইন্ডাস্ট্রির গসিপ থেকে শতহস্ত দূরে থাকা এই মানুষটিও এ বার রুপোলি জগতের অন্ধকার দিক আর বিশেষ একদল মানুষের বিরুদ্ধে সরব হয়েছেন। কম কথার শিল্পী মানুষ রহমান বিশ্বাস করেন ভাল কাজে। বিনোদনের দুনিয়ায় তাঁর মতো 'ট্রু জেন্টলম্যান'-এর সংখ্যা হাতেগোনা। তাই এ বারও বিতর্কে না গিয়ে মার্জিত ভাষায় শুধু আসল ছবিটা সামনে এনেছেন তিনি।
সদ্য 'দিল বেচারা' ছবিতে কাজ করেছেন এ আর রহমান। ফের একবার জেন ওয়াইয়ের ফোনের প্লেলিস্টে দখল নিয়েছে রহমান ম্যাজিক। তবে একজন পরিচালকের ডেবিউ ফিল্মে কাজ করছেন রহমান----চমকে ছিলেন অনেকেই। বিগত কয়েক বছরে সে ভাবে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেখা যায়নি এ আর রহমানকে। সেখানে হঠাৎ মুকেশ ছাবরার প্রথম ছবির কাজে কেন হাত দিলেন রহমান, সেই প্রশ্ন জেগেছিল অনেকের মনেই। জবাব দিলেন সঙ্গীত পরিচালক নিজেই।
সম্প্রতি একটি এফএম স্টেশনের সাক্ষাৎকারে রহমান বলেছেন, "ভাল ছবিতে কাজ করার জন্য আমি কখনই না বলি না। কিন্তু আমার মনে হয় একটা দল আছে যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করেন। মুকেশ যখন আমার কাছে এসেছিল দু'দিনে ওকে চারটে গান কম্পোজ করে দিয়েছিলাম। অবাক হয়ে মুকেশ বলেছিল স্যার আমায় সবাই আপনার কাছে আসতে বারণ করেছিল। কত কথা বলেছিল আপনাকে নিয়ে। মুকেশের কথা শুনে বুঝেছিলাম কেন বলিউডের ভাল ছবি আমার কাছে আসে না। কেন আমি বলিউডে এত কম কাজ করি। কারণ একটা দল আমার বিরুদ্ধে রয়েছে। বোধহয় তারা জানেও না যে ঠিক কী এবং কতটা ক্ষতি করছে।"
নির্দিষ্ট করে কারও নাম নেননি রহমান। তবে সুরসম্রাটের ভক্তরা এর মধ্যেই নিশ্চিত বুঝে ফেলেছেন এ আর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে কারা যুক্ত রয়েছেন।