দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও আতঙ্ক ছড়িয়েছে করোনাভাইরাস। মহামারীর আকারে এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি কোণায়। এই জটিল পরিস্থিতিতে টি-সিরিজের তরফে রিলিজ করা হচ্ছে ‘মহামৃত্যুঞ্জয় মন্ত্র’। বলিউডের সঙ্গীত পরিচালক শেখর রাভজিয়ানি হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন বাড়িতে বসেই কম্পোজ করছেন এই সিঙ্গলস। গেয়েওছেন নিজেই। এর আগে ‘হনুমান চল্লিশা’-ও কম্পোজ করেছিলেন শেখর।
টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার জানিয়েছেন, ১৩ এপ্রিল ইউটিউবে রিলিজ হয়েছে এই অ্যালবাম। ভূষণের কথায়, “বাবার আমল থেকেই আমাদের সংস্থা ভক্তিমূলক গান রিলিজ করে। মহাদেবের কৃপায় আমরা শেখরের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র রিলিজ করতে চলেছি। আশা করি দেশের এই কঠিন পরিস্থিতিতে জনগণকে শক্তি দেবে এই মন্ত্র।“ প্রসঙ্গত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র------ রুদ্র মন্ত্র এবং ত্রম্বক মন্ত্র নামেও পরিচিত। কথিত আছে যেকোনও কঠিন এবং জটিল পরিস্থিতিতে এই মন্ত্র মানুষের মনকে শান্ত করে এবং পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের জন্য শক্তি জোগায়। আর করোনার প্রভাবে এখন ভারতের অবস্থা সত্যিই সঙ্গিন। প্রতিদিন বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সেই অবস্থায় দেশের সাধারণ মানুষকে সাহস জোগাতেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র-র অ্যালবাম রিলিজ করেছে টি-সিরিজ।
https://youtu.be/Xyhfk-leRYk
’৮০ এবং ’৯০-এর দশকে একাধিক ভক্তগীতির অ্যালবাম রিলিজ করেছিল টি-সিরিজ। তার মধ্যে অন্যতম ছিল ভজনের অ্যালবাম। সে সময় সংস্থার মালিক গুলশন কুমারকেও বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছিল। পারিবারিক ব্যবসার সেই ধারাই বজায় রাখছেন টি-সিরিজের বর্তমান কর্ণধার ভূষণ কুমার। আর গানের কম্পোজার শেখরের কথায়, “করোনার জেরে দেশের এই জটিল অবস্থায় আমি বাড়িতে রোজই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছি। এটা আমায় শক্তি জোগায়। এই কদিনে বা বলা ভাল বহু বছর ধরেই শঙ্কর সাহানির কম্পোজিশন শুনছি। মহাদেবের এই মন্ত্রটা তাই এবার নিজে কম্পোজ করতে চেয়েছিলাম। মহাদেবের এই মন্ত্র আমাদের সমস্ত পরিস্থিতিতে রক্ষা করবে এটাই আশা রাখি।“