দ্য ওয়াল ব্যুরো: হাসপাতাল থেকে সদ্য ছাড়া পেয়েছেন বলিউডের গায়িকা কণিকা কাপুর। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরপর পাঁচবার টেস্টের রিপোর্ট এসেছিল পজিটিভ। তবে শেষ দু’বার টেস্ট রিপোর্ট ছিল কোভিড ১৯ নেগেটিভ। তাই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। আপাতত বাড়িতেই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।
কিন্তু হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হলেই কণিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করবে লখনউ পুলিশ। গত ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফিরেছিলেন তিনি। বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ে কোনও উপসর্গ ধরা না পড়লেও কর্তৃপক্ষ কণিকাকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দেন। অভিযোগ সেসব কিছুই মানেননি কণিকা। বদলে যোগ দিয়েছিলেন তিন তিনটি পার্টিতে। তার মধ্যে একটি পার্টির আবার আয়োজক ছিলেন কণিকা নিজেই। অভিযোগ ১৩, ১৪ এবং ১৫ মার্চ কানপুর-সহ একাধিক জায়গায় পার্টিতে গিয়েছিলেন কণিকা। প্রায় ২৫০ থেকে ৩০০ লোকের সংস্পর্শে এসেছিলেন বলে অভিযোগ উঠেছে কণিকার বিরুদ্ধে।
এইসব অভিযোগের ভিত্তিতেই কণিকা কাপুরকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গত ২০ মার্চ হাসপাতালে ভর্তি হন গায়িকা। সেখানেও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। চিকিৎসকদের একাংশ বলেছিলেন সেলিব্রিটি সুলভ আচরণ না করে কণিকার উচিত একজন সাধারণ রোগীর মত আচরণ করা। তাতেই মঙ্গল। কিন্তু কে শোনে কার কথা। অভিযোগ, হাসপাতালে থাকাকালীন সকলকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছেন গায়িকা।
প্রসঙ্গত, সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে কণিকা কাপুরের বিরুদ্ধে মোট তিনটি এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে একটি করেছিলেন লখনউয়ের চিফ মেডিক্যাল আধিকারিক নরেন্দ্রকুমার আগরওয়াল। সরোজিনী নগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। কণিকার বিরুদ্ধে বাকি দু'টি এফআইআর দায়ের হয়েছে হজরতগঞ্জ ও গোমতিনগর থানায়।