দ্য ওয়াল ব্যুরো: রিলিজের পর থেকে ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে 'সড়ক-২'-এর ট্রেলর। তবে দর্শকদের প্রশংসার জন্য এই সিনেমার ট্রেলর ট্রেন্ডিংয়ে নেই। বরং মহেশ ভাটের ছবির ট্রেলরের কপালে জুটেছে 'সেকেন্ড মোস্ট ডিজলাইকড' ভিডিওর তকমা। এমনকি ডিজলাইকের সংখ্যায় জাস্টিন বিবার-কেও পিছনে ফেলেছে 'সড়ক-২'।
৬৫ মিলিয়ন ভিউ হয়েছে এই ট্রেলরের। কমেন্ট বক্সে জমেছে হাজার হাজার কমেন্ট। সেই সঙ্গে ১১.৬৫ মিলিয়ন ডিজলাইক পেয়েছে এই ট্রেলর। এ যাবৎ জাস্টিন বিবারের 'বেবি' গানে ডিজলাইকের সংখ্যা ছিল ১১.৬৩ মিলিয়ন। প্রায় এক দশক ধরে 'সেকেন্ড মোস্ট ডিজলাইকড' ভিডিওর জায়গায় ছিল জাস্টিন বিবারের এই গান।
প্রায় দু’দশক পর পরিচালনায় ফিরছেন মহেশ ভাট। তাঁরই নব্বইয়ের দশকের ছবি সড়ক-এর রিমেক নিয়ে। ছবি রিলিজ হবে ওটিটি প্ল্যাটফর্ম হটস্টার ডিজনিতে। তবে গত ১২ অগস্ট ছবির ট্রেলর রিলিজের পর থেকে সড়ক-২ নিয়ে শোরগোল শুরু হয়েছে। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ভক্তরা সেদিন থেকেই এই ট্রেলরকে মোস্ট ডিজলাইকড ইউটিউব ট্রেলরের তালিকায় দেখতে চেয়েছিলেন। তাঁরা চেয়েছিলেন এই ট্রেলর এত লোকে অপছন্দ করুক যাতে ইতিহাস তৈরি হয়ে যায়।
প্রসঙ্গত, বলিউডে স্বজনপোষণ বা নেপোটিজমের অভিযোগ দীর্ঘদিনের। গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু সেই আগুনেই ঘি ঢেলেছিল। সারা দেশের একটা বড় অংশ গর্জে উঠেছিল বিটাউনের রাঘববোয়ালদের বিরুদ্ধে। প্রভাবশালীদের সন্তান ওরফে স্টারকিডরা কী ভাবে অন্যান্য যোগ্য এবং প্রতিভাবানদের কেরিয়ার নষ্ট করেছেন সে বিষয়ে মুখ খুলেছিলেন খোদ ইন্ডাস্ট্রিরই অনেকে।
মাঝে অবশ্য সুশান্তের মৃত্যু প্রসঙ্গে অন্যান্য অনেক তথ্য প্রকাশ্যে আসায় খানিক ধামাচাপা পড়ে গিয়েছিল এই স্বজনপোষণের ধারণা। তবে সড়ক-২-র ট্রেলর রিলিজের পরেই ফের মাথাচাড়া দেয় নেপোটিজম সংক্রান্ত আলোচনা।
রিলিজের পর থেকেই 'সড়ক-২'-এর ইউটিউব ট্রেলরে ডিজলাইকের সংখ্যা বাড়ছিল হু হু করে। কমেন্ট বক্সেও ক্ষোভ উগরে দেন এসএসআর-এর ফ্যান-ফলোয়াররা। কেউ বলেন আপনাআপনিই আঙুল চলে গিয়েছে ডিজলাইক অপশনে। কেউ বা বলেছিলেন সুশান্তের মৃত্যুর ন্যায়বিচার চান, তাই ছবি দেখবেন না। এর পাশাপাশি সিনেমা বয়কট এবং হটস্টার বয়কটের দাবিও তোলেন নেটিজেনদের অনেকেই। এর আগে সিনেমার পোস্টার রিলিজের পরেও দেদার ট্রোলড হয়েছিলেন পরিচালক মহেশ ভাট এবং আলিয়া ভাট, সিদ্ধার্থ রায় কাপুর, সঞ্জয় দত্ত, পূজা ভাট-সহ ছবির সঙ্গে যুক্ত একাধিক কলাকুশলী।