প্লাজমা ডোনেট করতে চান কণিকা, ডাক্তারদের অনুমতি পেলেই শুরু হবে প্রক্রিয়া
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলিউডের গায়িকা কণিকা কাপুর। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে আপাতত সুস্থ রয়েছেন কণিকা। হাসপাতাল থেকে বাড়ি ফিরে ২১ দিনের কোয়ারেন্টাইন পর্বও কাটানো হয়েছে। এবার কোভিড আক্রান্তদের
শেষ আপডেট: 27 April 2020 16:52
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলিউডের গায়িকা কণিকা কাপুর। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে আপাতত সুস্থ রয়েছেন কণিকা। হাসপাতাল থেকে বাড়ি ফিরে ২১ দিনের কোয়ারেন্টাইন পর্বও কাটানো হয়েছে। এবার কোভিড আক্রান্তদের চিকিৎসার স্বার্থে প্লাজমা দান করবেন বলে মনস্থির করেছেন কণিকা।
জানা গিয়েছে, আপাতত লখনউয়ে নিজের বাড়িতেই রয়েছেন কণিকা। সেখানেই গিয়েছিল কিং জর্জ কলেজের ডাক্তারদের একটি টিম। তারা কণিকার নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করে প্রথমে দেখা হবে কণিকা আদৌ প্লাজমা ডোনেট করার জন্য উপযুক্ত কিনা। সব ঠিক থাকলে এবং ডাক্তাররা অনুমতি দিলে তবেই প্লাজমা ডোনেট করতে পারবেন কণিকা কাপুর। সূত্রের খবর, ডাক্তারদের অনুমতি পাওয়া গেলে ২৮ কিংবা ২৯ এপ্রিল হয়তো কিং জর্জ মেডিক্যাল কলেজেই প্লাজমা দান করবেন বলিউডের এই গায়িকা।
গত ২০ মার্চ করোনায় আক্রান্ত হন কণিকা কাপুর। বলিউডে তিনিই ছিলেন প্রথম কোভিড আক্রান্ত। ১০ মার্চ লন্ডন থেকে মুম্বই ফেরেন কণিকা। ১১ তারিখ আসেন লখনউয়ে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বিদেশ থেকে ফেরার পর বিমাবন্দর থেকে স্ক্রিনিংয়ের পর তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হলেও সেই পরামর্শ মানেননি কণিকা। উল্টে আয়োজন করেছিলেন পার্টির। যদিও বিমানবন্দরের স্ক্রিনিংয়ে কণিকার শরীরে সংক্রমণে কোনও নমুনা পাওয়া যায়নি। এর দিন চারেক পর নানা উপসর্গ দেখা দেয় কণিকার। সর্দি-আকশি-জ্বর হওয়ায় দ্রুত টেস্ট করান তিনি। রিপোর্ট আসে কোভিড পজিটিভ। হাসপাতালে ভর্তি হন গায়িকা। পরপর তিনটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। প্রায় ২ সপ্তাহ হাসপাতালে থাকার পর বাড়ি আসেন তিনি।
যদিও কণিকার দাবি, তিনি কোনও পার্টির আয়োজন করেননি। গতকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করে কণিকার আরও দাবি করেছেন যে, তিনি লন্ডন থেকে ফেরার পর যাঁদের সংস্পর্শে এসেছিলেন তাঁদের সকলেরই কোভিড নেগেটিভ রিপোর্ট এসেছে। সকলেই সুস্থ রয়েছেন। নিজের ইনস্টা পোস্টে গায়িকা লিখেছেন, “১০ মার্চ ইউকে থেকে মুম্বই ফিরেছিলাম আমি। বিমানবন্দরেই স্ক্রিনিং হয়। এরপরের দিন অর্থাৎ ১১ মার্চ লখনউ আসি পরিবারের সঙ্গে দেখা করতে। কিন্তু বিমানবন্দরে ডোমেস্টিক ফ্লাইটের যাত্রীদের জন্য কোনও স্ক্রিনিংয়ের ব্যবস্থা ছিল না। ১৫ মার্চ এক বন্ধুর সঙ্গে লাঞ্চ এবং ডিনারে গিয়েছিলাম। তখন আমার শরীর একেবারেই সুস্থ ছিল। কোনও উপসর্গও ছিল না। ১৭-১৮ তারিখ নাগাদ নানা লক্ষণ দেখা দেওয়ায় টেস্ট করাই। রিপোর্টে দেখা যায় কোভিড আক্রান্ত হয়েছি।“