কোনও পার্টির আয়োজন করিনি, সুস্থ হয়েই ইনস্টাগ্রামে পোস্ট কণিকার
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউডের গায়িকা কণিকা কাপুর। আপাতত তিনি সুস্থই রয়েছেন। হাসপাতাল থেকে বাড়ি আসার পর কোয়ায়রেন্টাইন পর্বও মিটে গিয়েছে। ইতিমধ্যেই নানা অভিযোগ উঠেছে কণিকার বিরুদ্ধে। সেইসব নিয়েই এবার মুখ খুললেন। ইনস্
শেষ আপডেট: 26 April 2020 15:30
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউডের গায়িকা কণিকা কাপুর। আপাতত তিনি সুস্থই রয়েছেন। হাসপাতাল থেকে বাড়ি আসার পর কোয়ায়রেন্টাইন পর্বও মিটে গিয়েছে। ইতিমধ্যেই নানা অভিযোগ উঠেছে কণিকার বিরুদ্ধে। সেইসব নিয়েই এবার মুখ খুললেন। ইনস্টাগ্রামে সম্প্রতি একটি পোস্ট করে কণিকা লিখেছেন, “চুপ ছিলাম কারণ চেয়েছিলাম সত্যিটা নিজেই প্রকাশ্যে আসুক। ভেবেছিলাম সবাই নিজের মত করে সত্যিটা ঠিক বুঝতে পারবেন।“
কণিকার দাবি, তিনি লন্ডন থেকে ফেরার পর যাঁদের সংস্পর্শে এসেছিলেন তাঁদের সকলেরই কোভিড নেগেটিভ রিপোর্ট এসেছে। সকলেই সুস্থ রয়েছেন। নিজের ইনস্টা পোস্টে গায়িকা লিখেছেন, “১০ মার্চ ইউকে থেকে মুম্বই ফিরেছিলাম আমি। বিমানবন্দরেই স্ক্রিনিং হয়। এরপরের দিন অর্থাৎ ১১ মার্চ লখনউ আসি পরিবারের সঙ্গে দেখা করতে। কিন্তু বিমানবন্দরে ডোমেস্টিক ফ্লাইটের যাত্রীদের জন্য কোনও স্ক্রিনিংয়ের ব্যবস্থা ছিল না। ১৫ মার্চ এক বন্ধুর সঙ্গে লাঞ্চ এবং ডিনারে গিয়েছিলাম। তখন আমার শরীর একেবারেই সুস্থ ছিল। কোনও উপসর্গও ছিল না। ১৭-১৮ তারিখ নাগাদ নানা লক্ষণ দেখা দেওয়ায় টেস্ট করাই। রিপোর্টে দেখা যায় কোভিড আক্রান্ত হয়েছি।“
এরপরেই হাসপাতালে ভর্তি হন কণিকা কাপুর। পরপর তিনটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। গায়িকা জানিয়েছেন, হাসপাতাল থেকে বাড়ি আসার পর ২১ দিন কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। এর পাশাপাশি কণিকা ধন্যবাদ জানিয়েছেন সেই সমস্ত ডাক্তার-নার্স এবং স্বাস্থ্যকর্মীদের যাঁরা তাঁকে সুস্থ করে তুলেছেন এবং এমন কঠিন সময়ে মানসিক ভাবে জোর দিয়েছেন।
প্রসঙ্গত, কনিকার বিরুদ্ধে অভিযোগ ছিল যে লন্ডন থেকে দেশে ফেরার পর পার্টি দিয়েছিলেন তিনি। এমনকি তাঁকে বিমানবন্দর থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিলে সেটাও নাকি মানেননি কণিকা। সেই সময় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তাঁর ছেলে এবং লোকসভার সদস্য দুষ্মন্ত সিং এবং কণিকা একটি পার্টিতে হাজির হয়েছেন। এরপরেই কণিকার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তড়িঘড়ি কোভিড টেস্ট করান বসুন্ধরা রাজে সিন্ধিয়া এবং দুষ্মন্ত সিং-ও। অবশ্য তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছিল। এই গোটা ঘটনায় কণিকার বিরুদ্ধে এফআইআর-ও দায়ের হয়েছে।