শেষ আপডেট: 29 April 2020 15:13
বুধবার মুম্বইয়ের ভারসোভা কবরস্থানে সম্পন্ন হয়েছে ইরফান খানের শেষকৃত্য। দুই ছেলে বাবিল আর আয়ান বাবার শেষকৃত্যের সব কাজকর্ম করেছেন। এখন করোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশজুড়ে। কারও মৃত্যু হলে তা করোনাতেই হোক বা অন্য কারণে সৎকারের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মমাফিক গাইডলাইন বেঁধে দিয়েছে সরকার। সেই মতোই হাতেগোনা মাত্র ৫ জন পরিবারের সদস্য হাজির ছিলেন ইরফান খানের শেষকৃত্যে।
তবে এদিন প্রিয় বন্ধু, প্রিয় অভিনেতা, প্রিয় সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানাতে কবরস্থানের বাইরে এসেছিলেন বলিউডের অনেকেই। লকডাউনের নিয়ম মেনেই সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখেছিলেন তাঁরা। ভিড় জমাননি কেউ। শুধু বুকে চাপা কষ্ট আর একরাশ বিস্ময় নিয়ে ইরফানকে শেষ শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন তাঁরা। অনেকেই বলছেন, “জানতাম হয়তো একদিন ওকে যেতেই হবে, কিন্তু তা বলে এভাবে! এত তাড়াতাড়ি! এটা মেনে নেওয়া যায় না।“
বলিউডের অন্দরমহল থেকে শুরু করে আমজনতা, কিংবা হলিউড-দক্ষিণী ছবির জগত বা বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি----ইরফান খানের আকস্মিক মৃত্যুতে শোকগ্রস্ত সকলেই। অনেকেই আক্ষেপের সুরে বলছেন, “ওর সঙ্গে কোনও কাজ করা হল না। আজীবন এই আক্ষেপ থেকে যাবে।“ শুধু তারকা জগত নয়, রাজনীতি এবং ক্রীড়াদুনিয়া----ইরফানের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না কেউই।
ইরফান খানকে শেষবারের মত শ্রদ্ধা জানাতে এদিন হাজির ছিলেন পরিচালক এবং অভিনেতা তিগমাংশু ধুলিয়া, পরিচালক বিশাল ভরদ্বাজ, কমেডিয়ান কপিল শর্মা। এছাড়াও এসেছিলেন রাজপাল যাদব, অভিনয় দেও, মিকা সিং, পরিচালক অনুরাগ বসু। ইরফানের দুই ছেলে এবং স্ত্রী সুতপা ছাড়াও ছিলেন পরিবারের কয়েকজন সদস্য।