দ্য ওয়াল ব্যুরো: সোনু নিগম আর টি-সিরিজের মধ্যে যেন যুদ্ধ বেঁধে গিয়েছে। নিজের ভিডিও ব্লগে টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের নাম প্রকাশ্যে আনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তরজা। একজন আর এক পক্ষকে একহাত নেওয়া জন্য যেন তৈরি হয়েই রয়েছেন।
এবার সোনু নিগমকে 'অকৃতজ্ঞ' বলে নেট দুনিয়ায় এই তরজা আরও একটু উস্কে দিলেন ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমার। দিব্যার কথায়, "আজকাল বোঝাই যাচ্ছে কে কত ভাল প্রচার চালাচ্ছেন। দেখে অবাক লাগছে কেউ কেউ আবার মিথ্যে কোথাও বিক্রি করছেন নিজের প্রচারের জন্য। সোনু নিগমের মতো মানুষরা জানেন জনতার মন নিয়ে কী ভাবে খেলতে হয়।"

এখানেই থামেননি মিসেস কুমার। সরাসরি সোনু নিগমকে 'অকৃতজ্ঞ' বলে বসেন দিব্যা। তাঁর কথায়, "যে কোম্পানি আপনাকে ইন্ডাস্ট্রিতে জায়গা দিল, কেরিয়ার গড়ে দিল তার ব্যাপারে এসব কথা বললেন আপনি। আসলে আপনি অকৃতজ্ঞ। ভূষণের প্রতি যখন এত ক্ষোভ তাহলে আগে বলেননি কেন? এখন নিজের প্রচারের জন্য এসব করছেন।"
সোনু নিগম এবং ভূষণ কুমারের এই তরজা শুরু হওয়ার পর থেকেই টি-সিরিজের ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করার দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এই মিউজিক কোম্পানিকে ব্যান করার দাবিও জানিয়েছেন নেটিজেনদের অনেকেই।

প্রসঙ্গত, গত দু'দিন দুটি ভিডিও পোস্ট করেছেন সোনু নিগম। গত পরশু একটি ভিডিও ব্লগে সোনুকে বলতে শোনা যায় যে মিউজিক ইন্ডাস্ট্রিতে আজকাল যা চলছে তাতে হয়তো এখান থেকেও সুশান্তের মত মর্মান্তিক পরিণতির খবর পাওয়া যাবে। সোনু বলেন, "মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজ করে দু'জন মাফিয়া। তারাই ঠিক করে দেয় কে গান গাইবে, কী গান গাইবে। আপনাদের কাছে অনুরোধ নতুনদেরও সুযোগ দিন। নইলে ওদের সঙ্গে অন্যায় করা হচ্ছে দিনের পর দিন ধরে।" নাম না করেই বিশেষ দুই মিউজিক কোম্পানির বিরুদ্ধে মুখ খোলেন সোনু। নেটিজেনদের অনেকেই আন্দাজ করে নেন, সোনুর বলা এই দুই মাফিয়া হয়তো টি-সিরিজ এবং জি মিউজিক।
গতকাল সোনু আরও একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে সরাসরি টি-সিরিজের মালিক ভূষণ কুমারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। সোনুর হিটলিস্টে রয়েছে মোট ছ'জন। গায়কের কথায়, "এরা সবাই একসময় আমার খুব ঘনিষ্ঠ ছিল। সবসময় নেপোটিজমের বিরুদ্ধে কথা বলত। আজ তারাই উল্টো সুরে গাইছে। আমায় এখন তাদের ভুল মনে হচ্ছে। সেজন্য লোকজনকে উস্কে বলছে আমার বিরুদ্ধে আওয়াজ তুলতে।"