দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে আরও একগুচ্ছ ধারাবাহিক ফিরছে টেলিভিশনে। করোনা মোকাবিলায় তিন সপ্তাহের জন্য লকডাউন চলছে দেশজুড়ে। সংক্রমণ রুখতে ঘরবন্দি হয়েছেন দেশবাসী। সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য আগেই ছোটপর্দায় ফিরেছে রামায়ণ, মহাভারত, শাহরুখ খানের প্রথম সিরিয়াল সার্কাস এবং হিন্দি ব্যোমকেশ বক্সী। এবার সেই তালিকাতেই যুক্ত হতে চলেছে আরও কিছু ধারাবাহিক।
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম 'দেখ ভাই দেখ'। নিখাদ কমেডিতে ভরপুর এই ফ্যামিলি ড্রামাও ফের ফিরতে চলেছে দূরদর্শনে। তবে পুরনো ধারাবাহিক ফিরিয়ে আনার ক্ষেত্রে এবার উদ্যোগ নিয়েছে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনও। দীর্ঘদিন ধরে সম্প্রচারিত হওয়া সিরিয়াল 'সিআইডি' এবং নব্বইয়ের দশকের মিষ্টি প্রেমের গল্প 'ইয়ে উন দিনো কি বাত হ্যায়' ফের দেখানো হবে ছোটপর্দায়। এছাড়া হরর সিরিজ 'আহাট'-ও দেখানো হবে।
নব্বইয়ের দশকে ছোটদের খুব পছন্দের ধারাবাহিক ছিল 'আলিফ লায়লা'। আরব্য রজনীর আরব-বেদুইনদের গল্পের সঙ্গে মরুভূমির নানা ইতিহাস দেখানো হত এই ধারাবাহিকে। দূরদর্শনে ফের সম্প্রচারিত হবে' আলিফ লায়লা'। দর্শকরা অবশ্য এইসবের পাশাপাশি মুকেশ খান্নার 'শক্তিমান'-কেও পুনরায় দেখানোর আর্জি জানিয়েছেন। আগামী দিনে আর কী কী পুরনো সিরিয়াল নতুন করে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই এখন দেখার।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মরিয়া প্রশাসন। ২১ দিনের জন্য সারা দেশ জুড়ে চলছে লকডাউন। জরুরিভিত্তিক পরিষেবা ছাড়া বন্ধ সব কিছু। বাড়ি থেকে বেরনোও বারণ জনসাধারণের। এই অবস্থায় জনতার স্বার্থে টেলিভিশনে পুরনো দিনের নানা অনুষ্ঠান নতুন করে সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দূরদর্শনের পাশাপাশি এই উদ্যোগে সামিল বেসরকারি চ্যানেলও।
ইতিমধ্যেই বিভিন্ন বাংলা চ্যানেলেও পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিকের পুনঃসম্প্রচার শুরু হয়েছে।