দ্য ওয়াল ব্যুরো: আম্বানিদের গণপতি আরাধনায় সামিল হয়েছিলেন বলিউডের প্রায় সব তারকাই। তবে এলাহি আয়োজনের মাঝে নজর কেড়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। হাসিমুখে পাপারাৎজির সামনে পোজ দিতেও দেখা যায় দুই তারকাকে। তারপর অ্যান্টিলিয়াতে ঢোকার আগেই একবার হোঁচট খান আলিয়া। প্রায় পড়েই যাচ্ছিলেন অভিনেত্রী। কিন্তু ঠিক সময়ে পিছন থেকে এসে আলিয়াকে ধরে নেন রণবীর। সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়ে যায় ভিডিয়ো। রণবীরের রিফ্লেক্স দেখে অনেকেই বলছেন, "একেই বলে আদর্শ জুটি। সঠিক সময়ে নিজের পার্টনারকে সামলাতে পারেন রণবীর।"
https://www.instagram.com/p/B18A7rGnu8r/
রণবীর-আলিয়া জমিয়ে প্রেম করছেন এ কথা বোধহয় এখন সকলেই জানেন। দুই তারকা নিজে মুখে প্রকাশ্যে কিছু না বললেও বিয়ের সানাই বাজিয়ে দিয়েছেন তারকা জুটির ভক্তরা। অনেকেই বলেন, "এখন শুধু বিয়ের তারিখের ফাইনাল অ্যানাউনসমেন্ট বাকি।" কাপুর খানদানেও যথেষ্ট কদর রয়েছে আলিয়ার। তাঁদের ফ্যামিলি ডিনারেও দেখা যায় আলিয়াকে। নীতু সিংয়ের সঙ্গেও আলিয়ার সম্পর্ক বেশ সাবলীল। নেট দুনিয়ায় এই দু'জনের খুনসুটির ঝলকও মেলে মাঝে মাঝে। অন্যদিকে রণবীরের সঙ্গে বেশ দোস্তি রয়েছে মহেশ ভাটের।
https://www.instagram.com/p/B18S2CCnd9l/
অয়ন মুখার্জির নয়া ছবি 'ব্রহ্মাস্ত্র'-র শ্যুটিং সেটেই নাকি গভীর হয়েছিল আরকে আর আলিয়ার রোম্যান্স। মুম্বইয়ের বিভিন্ন রেস্তোরাঁয় মাঝে মধ্যেই ডিনার ডেটেও হাজির হন দুই তারকা। তারকাদের বিয়ের আসরেও 'পারফেক্ট জুটি'-র খেতাব জিতে নেন রণবীর-আলিয়াই। তেমনটাই হয়েছিল আম্বানিদের গণপতি উৎসবেও। গণেশ চতুর্থীর সন্ধ্যায় বাপ্পার আশীর্বাদ নিতে একসঙ্গেই হাজির ছিলেন আলিয়া-রণবীর। ফ্লোরাল প্রিন্টের শাড়িতে আলিয়াকে মানিয়েছিল বেশ। রণবীরের পরনে ছিল সাদা-রুপোলি কম্বিনেশনের জমকালো কাজ করা কুর্তা-পাজামা। সঙ্গে অবশ্যই নেহেরু জ্যাকেট। অ্যান্টিলিয়ার জমকালো পার্টিতে হাজার তারকার ভিড়ে লাইমলাইট ছিল কেবল তাঁদের উপরেই।