ইমিগ্রেশন চেকপোস্টে বারবার আটকে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন ইমরান হাশমি।

ইমরান হাশমি
শেষ আপডেট: 8 January 2026 16:31
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা ইমরান হাশমি (Emraan Hashmi) সম্প্রতি তাঁর জীবনের এক মজার অথচ বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার নিয়েছেন। মুম্বইয়ে বুধবার তাঁর আসন্ন ওয়েব সিরিজ ‘Taskaree: The Smuggler’s Web’-এর ট্রেলার লঞ্চে তিনি জানান, একসময় বিদেশযাত্রার সময় ইমিগ্রেশন চেকপোস্টে তাঁকে বারবার থামানো হত।
সিরিজটিতে ইমরানকে দেখা যাবে একজন কাস্টমস অফিসারের চরিত্রে। সেই প্রসঙ্গেই তাঁকে প্রশ্ন করা হয়, বাস্তব জীবনে বিমানবন্দরে কখনও কি তাঁকে কাস্টমস বা গ্রিন চ্যানেলে থামানো হয়েছে? উত্তরে অভিনেতা বলেন, এখনকার অভিজ্ঞতা বেশ ভালো। তাঁর কথায়, বিদেশ থেকে ফেরার সময় কাস্টমস আধিকারিকরা বরাবরই তাঁর সঙ্গে ভদ্র ব্যবহার করেছেন।
তবে তিনি স্বীকার করেন, বিমানবন্দরে ঢুকলেই এক অদ্ভুত অজানা ভয় কাজ করে। ইমরানের কথায়, “ভয়টা একেবারেই যুক্তিসঙ্গত নয়। ঠিক যেমন গাড়ি চালানো শিখে ফেললেও রাস্তায় আরটিও অফিসার দেখলে হঠাৎ নার্ভাস হয়ে যাই। তেমনই, একা ভ্রমণ করলে মনে হয়, ব্যাগে শুধু জামাকাপড় থাকলেও যেন ১০০ কেজি নিষিদ্ধ জিনিস নিয়ে হাঁটছি।”
ইমরান আরও জানান, কেরিয়ারের শুরুর দিকে, বিশেষ করে ২০০০ সালের গোড়ার দিকে, তাঁকে বেশ কয়েকবার ইমিগ্রেশন চেকে আলাদা করে ডেকে নেওয়া হত। তাঁর মতে, তখন তাঁর চেহারা বা কানে দুল পরার কারণেই হয়তো সন্দেহ করা হত। অভিনেতা বলেন, “তখন আমি একা ভ্রমণ করতাম, আর আমাকে বেশ কয়েকবার পাশে নিয়ে যাওয়া হয়েছে। এটা এক ধরনের প্রোফাইলিং। আমি কার মতো দেখতে ছিলাম, সেটা আজও জানি না।”
তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। এখন পরিবার নিয়ে ভ্রমণ করলে আর তেমন সন্দেহের মুখে পড়তে হয় না বলেই জানান তিনি।
কাজের দিক থেকে, ইমরান হাশমিকে সম্প্রতি দেখা গিয়েছে সুপার্ন ভার্মা পরিচালিত ‘Haq’ ছবিতে। ছবিটি সুপ্রিম কোর্টের ঐতিহাসিক মহম্মদ আহমেদ খান বনাম শাহ বানো বেগম মামলার রায়ের অনুপ্রেরণায় তৈরি। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম।