দুই দশকের কেরিয়ারে ‘সিরিয়াল কিসার’ ইমেজ কীভাবে কাজে লাগিয়েছিলেন এবং কেন নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেন—খোলাখুলি জানালেন ইমরান হাশমি।

ইমরান হাশমি
শেষ আপডেট: 28 January 2026 17:04
দ্য ওয়াল ব্যুরো: দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে দাপিয়ে বেরাচ্ছেন ইমরান হাশমি (Emraan Hashmi)। কেরিয়ারের শুরু থেকে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও তাঁর পিছু ছাড়েনি ‘সিরিয়াল কিসার’ (Serial Kisser) তকমা। সময়ের সঙ্গে সঙ্গে চরিত্রের বৈচিত্র্য বেড়েছে, অভিনয়ের পরিধিও প্রসারিত হয়েছে। তবু মাঝেমধ্যেই ফিরে আসে তাঁর প্রাথমিক ছবির সাহসী চুম্বন দৃশ্য নিয়ে প্রশ্ন। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই ইমেজ নিয়েই খোলাখুলি কথা বললেন ইমরান।
ইমরান স্বীকার করেন, কেরিয়ারের প্রথমদিকে তাঁকে মূলত ‘ব্যাড-বয় রোমান্টিক হিরো’ হিসেবেই চিনেছিল সবাই। তবে তাঁর মতে, এই ধরনের টাইপকাস্টিং শুধু তাঁর ক্ষেত্রেই হয়নি। পশ্চিমেও বহু অভিনেতাকে একই সমস্যার মুখোমুখি হতে হয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন হলিউড অভিনেতা জিম ক্যারির নাম। ইমরানের কথায়, ইন্ডাস্ট্রির একটা স্বাভাবিক প্রবণতাই হল অভিনেতাদের নির্দিষ্ট খাঁচায় ফেলে দেওয়া।
২০০৩ সালে 'ফুটপাথ' ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করলেও ২০০৪ সালে মার্ডার ছবিই তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। মল্লিকা শেরাওয়াতের সঙ্গে তাঁর চুম্বন দৃশ্য সেই সময় ব্যাপক আলোড়ন তোলে। এরপর একের পর এক থ্রিলার ছবিতে তাঁর ‘ব্যাড-বয়’ ইমেজ ও সাহসী দৃশ্য আরও জোরদার হয়। সেখান থেকেই মিডিয়া তাঁকে ‘সিরিয়াল কিসার’ নামে ডাকতে শুরু করে। ইমরান জানান, সেই সময় এই ইমেজ তাঁর কেরিয়ারের পক্ষে লাভজনকই ছিল।
তবে প্রায় এক দশক এই ধরনের চরিত্রে কাজ করার পর তিনি বুঝতে পারেন, পরিবর্তন জরুরি। ইমরানের মতে, প্রতি ১০ থেকে ১৪ বছরে দর্শক বদলায়। নতুন প্রজন্ম প্রেক্ষাগৃহে আসে, আর তাদের জন্য নিজেকে নতুন করে গড়ে তোলাই একজন অভিনেতার দায়িত্ব। তাঁর কথায়, “একটা চরিত্র বা ইমেজ একটা সময়ের পর স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যায়। আমি সেটাকে যতটা সম্ভব ব্যবহার করেছি। তারপর বুঝেছি, এবার বদল দরকার।”
এই ভাবনা থেকেই তিনি জান্নাত-এর মতো রোমান্টিক ছবি করেন, আবার আওয়ারাপন ও সাংহাই-এর মতো চরিত্রনির্ভর, অ-রোমান্টিক ছবিতেও নিজেকে প্রমাণ করেন। তবু পরিবর্তনের এক দশক পরেও আজও তাঁকে সেই পুরনো প্রশ্নের মুখোমুখি হতে হয়। ইমরানের মতে, ভারতীয় সমাজ তুলনামূলকভাবে রক্ষণশীল হওয়ায় এই ইমেজ সহজে পিছু ছাড়ে না। হাসিমুখে তিনি বলেন, সাংবাদিক সম্মেলনেও এখনও চুম্বন দৃশ্য নিয়ে প্রশ্ন উঠে আসে।
সম্প্রতি ইমরান হাশমিকে দেখা গিয়েছে নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ টাস্কারি-তে। সিরিজে তিনি অভিনয় করেছেন এক সৎ কাস্টমস অফিসারের চরিত্রে। শরদ কেলকর ও জোয়া আফরোজ অভিনীত এই সিরিজটি ১৯ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায় এবং অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা নন-ইংরেজি কনটেন্টের তালিকায় জায়গা করে নেয়।