
সৃজিত মুখোপাধ্যায়
শেষ আপডেট: 19 April 2025 10:59
দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে আচমকাই শ্বাসকষ্ট, বুকে ব্যথা। শহরের এক বেসরকারি হাসপাতালে (Srijit Mukherjee Hospitalized) ভর্তি সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই শরীরটা ঠিক ছিল না পরিচালকের (Director)।
শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎ শরীরটা খারাপ হয় সৃজিতের। শ্বাসকষ্ট যেমন ছিল, হালকা বুকে ব্যথাও অনুভব করেন পরিচালক। দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। রাতেই বেশ কিছু পরীক্ষা করা হয় সৃজিতের। আজ রিপোর্ট হাতে পাওয়ার কথা। তবেই বিস্তারিত জানা যাবে পরিচালকের অসুস্থতার আসল কারণ।
দ্য ওয়ালের তরফে সৃজিতের অসুস্থতার ব্যাপারে যোগাযোগ করা হয় প্রযোজক রানা সরকারের সঙ্গে। তিনি বলেন, আপাতত ভালই আছেন সৃজিত। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। চিন্তার কারণ নেই আপাতত।
২০২৩ সালেও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তখনও হার্টের সমস্যার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৃজিতের বুকে ব্যথার দরুণ ডাক্তার তাঁকে সে সময় বেশ কিছু টেস্ট করতে দিয়েছিলেন।
সৃজিত মুখোপাধ্যায় বাংলা ফিল্ম জগতের ফার্স্ট বয়। সম্প্রতি তিনি ইন্ডাস্ট্রিতে পূর্ণ করেছেন ১৫ বছর। গত পয়লা এপ্রিল পরিচালকের আসন্ন ছবি 'কিলবিল সোসাইটি'র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছিল। বাংলা নববর্ষের আবহে মুক্তি পেয়েছে ছবিটি। সেই দিনই ইন্ড্রাস্ট্রির 'ফার্স্ট বয়' সৃজিতের বিনোদন জগতে ১৫ বছরের পথ চলারও উদযাপনও করা হয়েছিল।