.webp)
শেষ আপডেট: 5 April 2024 16:56
দ্য ওয়াল ব্যুরো: নতুন ছবির শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন টলিউড পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ‘বহুরূপী’র শুটিং ফ্লোরে তিনি কোমরে চোট পেয়েছেন। বর্তমানে হাসপাতালে রয়েছেন পরিচালক।
বেশ কয়েকদিন ধরেই শুটিং চলছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন থ্রিলার ছবি ‘বহুরূপী’র। আর এই ছবির শুধু পরিচালকই নন শিবপ্রসাদ, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন তিনি। বৃহস্পতিবার সিনেমাটির এক অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফ দেওয়ার সময় আচমকাই কোমরে আঘাত পান পরিচালক। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
পরিচালকের চোট কতটা গুরুতর তা চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। আপাতত শিবপ্রসাদ না থাকলেও, বাকি অভিনেতাদের নিয়েই চলছে বহুরূপী-র শুটিং।
চলতি বছর পুজোয় বহুরূপী-র মুক্তি পাওয়ার কথা। দিনকয়েক আগে বোলপুরেও শ্যুটিং হয়েছে ছবিটির। ২০২৩- এ রক্তবীজ যেমন বক্স অফিসে ধামাকা তুলেছিল, ২০২৪- এও বহুরূপী ঝড় তুলবে সেই আশাই রাখছে বাংলা ছবির দর্শক। নন্দিতা ও শিবপ্রসাদের এই নতুন ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়।
পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের জুটি কোনও ছবিতেই দর্শকদের তেমন নিরাশ করেননি। শুধু দর্শকদের মনে জায়গায়ই নয়, বক্স অফিসেও বেশ সাফল্য পায় তাঁদের ছবি। ‘বহুরূপী’ নিয়ে শিবপ্রসাদ জানিয়েছিলেন, ”২০১১ সাল থেকেই পরিকল্পনা ছিল এই ছবি তৈরি করার। মুক্তধারা সিনেমার শুটিংয়ের সময় থেকেই এই বিষয় নিয়ে ছবির পরিকল্পনা চলছিল।” প্রসঙ্গত, দিনকয়েক আগে শ্যুটিংয়ে স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।