কয়েক দিন নিখোঁজ থাকার পর নিজ বাড়ি থেকেই উদ্ধার হল পরিচালক এমএম বেগের পচাগলা দেহ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 February 2026 10:43
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে শোকের ছায়া! খ্যাতনামা পরিচালক এমএম বেগের (Director MM Beg) রহস্যমৃত্যুর খবর সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে মায়ানগরীতে। নিজস্ব বাসভবন থেকেই উদ্ধার হয়েছে তাঁর পচাগলা দেহ। এই মর্মান্তিক খবর প্রকাশ্যে আসার পর থেকেই বলিউডের সেলেব মহলে তৈরি হয়েছে শোকের আবহ।
শুক্রবার সংবাদসংস্থা পিটিআই-এর কাছে এমএম বেগের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ সহকর্মী হানি জাভেরি। তিনি জানান, দীর্ঘদিন ধরেই নিজের বাড়িতে একাই থাকতেন বেগ। সাম্প্রতিক সময়ে তাঁর শারীরিক অবস্থাও ভাল ছিল না।
হানি জাভেরির কথায়, বেশ কয়েক দিন ধরে তাঁকে বাড়ির বাইরে দেখা যাচ্ছিল না। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন প্রতিবেশীরাও। তাঁরা বিষয়টি আবাসনের কর্তৃপক্ষকে জানান। কিন্তু এর মধ্যেই আচমকা বেগের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন স্থানীয়রা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতরে ঢোকে। আর সেখানেই উদ্ধার হয় খ্যাতনামা পরিচালকের পচাগলা দেহ। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে, এবং বলিউড মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।