বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দীপিকা। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, তাঁর শারীরিক অবস্থার আপডেট প্রতি নিয়ত দিয়ে চলেছেন শোয়েব।

অস্ত্রোপচারের পর সামনে এলেন দীপিকা
শেষ আপডেট: 10 June 2025 18:22
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী দীপিকা কক্কর স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত। সেনিয়ে রীতিমতো হইচই পড়েছে নেট পাড়ায়। চিন্তিত তাঁর অনুগামীরা। এই পরিস্থিতিতে তাঁর শরীরে অস্ত্রোপচার হয়েছে বলে জানা গেছে তাঁদেরই ভ্লগ থেকে। ১৪ ঘণ্টা দীর্ঘ সার্জারির পর কেমন আছেন অভিনেত্রী? স্বামী শোয়েব ইব্রাহিমের ইউটিউব ভ্লগে অস্ত্রোপচারের পর প্রথম দেখা গেল অভিনেত্রীকে। সেখানেই নিজের শারীরিক অবস্থার আপডেট দিলেন তিনি, পাশাপাশি ভক্তদের জানালেন কৃতজ্ঞতা।
বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দীপিকা। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, তাঁর শারীরিক অবস্থার আপডেট প্রতি নিয়ত দিয়ে চলেছেন শোয়েব। অভিনেত্রী ভাল আছেন শুনেও প্রাণ জুড়োয়নি অনেকেরই। অনুগামীরা বার বার চাইছিলেন, তাঁদের পছন্দের নায়িকাকে একবার চোখের দেখা দেখতে।
অনুগামীদের কথা রেখে ভিডিওতে হাজির হলেন দীপিকা। এসেই এক গাল হেসে কৃতজ্ঞতা জানালেন সকলকে। বললেন, 'আপনাদের সকলের প্রার্থনা আর শুভকামনার জন্য আমি খুবই কৃতজ্ঞ। হাসপাতালের নার্সরাও খুব সদয় ছিলেন, সবসময় ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। অন্য রোগী পরিবারের সদস্যরাও আমাকে খুব ভালবাসা দিয়েছেন। আমি এখন অনেক ভাল আছি।'
তিনি আরও বলেন, 'আমি এখন অনেকটা ভাল আছি। কাশি হলে একটু কষ্ট হয়, কারণ কাশির সময় সেলাইয়ের জায়গায় ব্যথা লাগে। তাই বেশি কথা বলতে পারছি না। সুস্থ হয়ে পুরোপুরি শক্তি ফিরে পেলে গল্প করব।'
ভিডিওতে শোয়েব ইব্রাহিমও জানান, দীপিকা এখন সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, 'ও ভালভাবে সেরে উঠছে। মাঝে মাঝে ব্যথা হচ্ছে, আর কাশি হওয়ার কারণে সেলাইয়ের জায়গায় ব্যথা বেড়েছিল। তবে এখন আগের থেকে অনেক ভাল। সার্জারির পর গতরাতে ও শান্তিতে ঘুমিয়েছে। তিনদিন আইসিইউতে ছিল, সেই সময়টা যা গেছে। নাকে থাকা টিউবগুলো দেখেই ভয় পাচ্ছিল।'
শোয়েবের ভিডিও থেকেই জানা যায়, অস্ত্রোপচারের পর স্ত্রীর কাছে কাউকে ঘেঁষতে দেননি তিনি। একা হাতে সব সামলালেও সংক্রমণের ভয়ে পরিবারের কাউকেও যেতে দেখা করতে দেননি। এমনকি হাসপাতাল থেকে ছাড়া পেলেও এই নিয়ম বজায় রাখতে হবে। সংক্রমণ এড়াতে বাড়িতে এখন থেকেই যাবতীয় ব্যবস্থা নিয়ে ফেলেছেন তাঁরা। রয়েছেন সতর্ক।
এই পুরো পরিস্থিতিকে প্রথম থেকেই ‘কঠিন সময়’ বলে উল্লেখ করেছেন শোয়েব। তবে, শেষ কয়েকদিন যে তাঁদের ঘুম উড়েছিল, তা শেষ কয়েকটি ভ্লগ থেকে স্পষ্ট। আপাতত সকলকে স্ত্রীর জন্য প্রার্থনা করতে বলেছেন অভিনেতা।