
দিলজিৎ দোসাঞ্জ
শেষ আপডেট: 19 November 2024 15:54
দ্য ওয়াল ব্যুরো: গানে 'পাতিয়ালা পেগ' শব্দ রয়েছে। তাই হায়দরাবাদে অনুষ্ঠানের আগে দিলজিৎ দোসাঞ্জকে আইনি নোটিশ পাঠিয়েছিল তেলাঙ্গানা সরকার। জানানো হয়েছিল, অ্যালকোহল, ড্রাগস বা হিংসামূলক কোনও কিছু নিয়ে গান গাওয়া যাবে না। এতে নাকি মদ্যপানের প্রচার করা হয়।
হায়দারাবাদে গানের সময় এই কথা পাল্টে ব্যবহার করেন 'কোকাকোলা'। তারপরও নাকি একই ঘটনা ঘটে রবিবারের আহমেদাবাদের শোয়ের আগে। এই নিয়ে বেজায় চটেন তারকা। আহমেদাবাদের মঞ্চ থেকে এই 'মদ'-এর বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি।
আর এবার 'মদ' এর বদলে নিজেদের সংস্থার নাম ব্যবহার নিয়ে প্রতিক্রিয়া দিল 'কোকাকোলা'। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সংস্থার তরফে দিলজিৎ-এর ভিডিও শেয়ার করে তারা লেখে, 'চৌথা কাম তোয়াডে গানে জাপনে' অর্থাৎ 'চতুর্থ কাজ হল আপনার গানের পুজো করা'। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে স্মাইলি এবং হার্টের ইমোজি।
প্রসঙ্গত, রবিবার তিনি আহমেদাবাদে জানান, গুঞ্জন চলছে হায়দরাবাদের মতো আহমেদাবাদের শোয়ের আগেও আইনি নোটিশ পেয়েছেন গায়ক। কিন্তু বিষয়টি ঠিক নয়। তিনি কোনও আইনি নোটিশ গুজরাত সরকারের থেকে পাননি বলে জানান। সঙ্গে গুজরাত ড্রাই স্টেট তাই সেখানে 'অ্যালকোহল' গানটি গাননি তিনি। বলেন, 'আমি এই ধরনের কোনও গান আজ গাইব না। আমি গানের মধ্যে দিয়ে কাউকে উদ্বুদ্ধ করছি না। আমি নিজেই মদ খাই না। মদের কোনও বিজ্ঞাপনেও আমাকে দেখতে পাবেন না। অনেকে তো মদের বিজ্ঞাপনও করেন। আমি চুপচাপ মঞ্চে উঠি গান গেয়ে বেরিয়ে যাই। তাই আমাকে ঘাঁটাবেন না।'
এখানেই শেষ নয়। এবার তিনি দেশের সরকারের ওপরও ক্ষোভ প্রকাশ করেন। বলেন, 'দেশের সব রাজ্যগুলিতে মদ নিষিদ্ধ করুন। এটা করে ফেললে দিলজিৎ আর কখনও শরাব পি গানটি গাইবে না। তারপরই গায়ক প্রশ্ন করেন, এটা কি সম্ভব আদৌ? এই ব্যবসায় অনেক লাভ।'
করোনার সময়ের কথা উল্লেখ করে গায়ক বলেন, 'গোটা দেশ যখন করোনার সময় বন্ধ ছিল তখনও মদ পাওয়া গিয়েছে। আজ এত বড় বড় কথা গান নিয়ে। এই প্রজন্ম এত বোকা নয়। আমি গত ১০দিনে দুটো ভক্তিগীতি গেয়েছি। কোথায় সেসব নিয়ে তো কেউ কথা বলে না। আমি চাই অমৃতসরে মদ নিষিদ্ধ হোক। কারণ ওখানে স্বর্ণ মন্দির আছে। সেটা কি সম্ভব? মদের ঠেক বন্ধ করুন,আমি মদের ওপর গান গাওয়া বন্ধ করে দেব।'