সোমবার রাতটা হয়তো শুধু দিল্লির আকাশকেই নয়, কাঁপিয়ে দিয়েছে গোটা দেশ। লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে মুহূর্তে থমকে গেল রাজধানীর হৃদস্পন্দন। নিথর দেহে ভরে উঠল রাস্তাঘাট, আতঙ্কে স্তব্ধ মানুষ। সেই মর্মান্তিক ঘটনার প্রতিধ্বনি পৌঁছল বলিউডেও।

রণবীর-শাহিদ।
শেষ আপডেট: 12 November 2025 14:15
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতটা হয়তো শুধু দিল্লির আকাশকেই নয়, কাঁপিয়ে দিয়েছে গোটা দেশ। লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে মুহূর্তে থমকে গেল রাজধানীর হৃদস্পন্দন। নিথর দেহে ভরে উঠল রাস্তাঘাট, আতঙ্কে স্তব্ধ মানুষ। সেই মর্মান্তিক ঘটনার প্রতিধ্বনি পৌঁছল বলিউডেও।
রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর’-এর ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল ১২ নভেম্বর, বুধবার, অর্থাৎ আজ। মুম্বইয়ের জমকালো অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রণবীরের সঙ্গে আর মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপালদের। ছবির পরিচালক আদিত্য ধর, প্রযোজক জ্যোতি দেশপান্ডে ও লোকেশ ধর— সবাই প্রস্তুত ছিলেন এক উত্তেজনাপূর্ণ সন্ধ্যার জন্য। কিন্তু দিল্লির রক্তাক্ত বাস্তব সেই আলোকে থামিয়ে দিল এক মুহূর্তে।
প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস, বি৬২ স্টুডিওস ও ‘ধুরন্ধর’–এর টিম তাদের অফিসিয়াল বিবৃতিতে জানায়— “গতকালের দিল্লি বিস্ফোরণে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ১২ নভেম্বরের ট্রেলার লঞ্চ স্থগিত রাখছি। নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। সকলের সমর্থনের জন্য ধন্যবাদ।”
এই বিবৃতির পরই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীর লেখেন, “গতকালের ঘটনার খবর শুনে আমি স্তব্ধ। যে পরিবারগুলি প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা।” অভিনেতা আবারও শেয়ার করেন টিমের অফিসিয়াল পোস্ট, যেখানে লেখা ছিল— “The Dhurandhar Trailer Launch scheduled for 12th November has been postponed, as a mark of respect to the victims and families affected by yesterday’s Delhi blast.”
আদিত্য ধরের পরিচালনায় তৈরি ‘ধুরন্ধর’ এক হাই-অকটেন থ্রিলার— বাস্তব ঘটনার ছায়া মিশে আছে এর গল্পে। ভারতীয় গোয়েন্দা সংস্থার এক সাহসী গুপ্তচরের জীবনের কাহিনি নিয়ে এগিয়েছে ছবিটি। পাকিস্তানে গোপনে কর্মরত এক ভারতীয় এজেন্টের ভূমিকায় দেখা যাবে রণবীরকে— এক নায়ক, যিনি থাকেন পর্দার আড়ালে, অথচ যাঁর সাহসই দেশের রক্ষাকবচ। তাঁর সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খন্না ও অরজুন রামপালের মতো তারকারা। ছবির প্রথম লুক প্রকাশিত হয়েছিল রণবীরের জন্মদিনে— আর সেই দিন থেকেই ‘ধুরন্ধর’ নিয়ে উন্মাদনা তুঙ্গে। ৫ ডিসেম্বর, ২০২৫-এ মুক্তি পেতে চলেছে ছবিটি, সেই তারিখ আপাতত অপরিবর্তিত।
তবে শুধু ‘ধুরন্ধর’ নয়— বিস্ফোরণের কারণে স্থগিত হয়ে গেল শাহিদ কাপুর, রশ্মিকা মন্দানা ও কৃতি স্যাননের নতুন ছবি ‘ককটেল ২’–এর শুটিংও। ১২ নভেম্বর থেকেই দিল্লিতে শুরু হওয়ার কথা ছিল ছবির দ্বিতীয় দফার কাজ। সপ্তাহখানেকের শিডিউল ঠিক করা ছিল। কিন্তু এই ভয়ঙ্কর বিস্ফোরণের পর— বাতিল হল সমস্ত প্রস্তুতি।
এদিকে ফিসফাস চলছে আরও এক কারণ নিয়েও। কিংবদন্তি ধর্মেন্দ্রর শারীরিক অসুস্থতার খবরে বলিউড এখন উদ্বিগ্ন। রণবীরও নাকি শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন সেই পরিবারকে। তাই ‘ধুরন্ধর’-এর অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত আরও এক দৃষ্টান্ত হয়ে রইল শিল্পীদের মানবিকতার।