ধ্রুব রাঠি শাহরুখ খানের পান মশলার বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলেছেন। ইউটিউবারের বক্তব্য, ১২,৪০০ কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও এমন ক্ষতিকর পণ্যের প্রচার করার দরকার কী?

শাহরুখ খান ও ধ্রুব রাঠি
শেষ আপডেট: 16 October 2025 13:20
দ্য ওয়াল ব্যুরো: বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) পান মশলার বিজ্ঞাপন (Pan Masala Ad) করেন! তা নিয়েই অনলাইনে একটি ভিডিও প্রকাশ করে বড় বিতর্ক তৈরি করেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee)। বুধবার এক্স (পূর্বে টুইটার)-এ পোস্ট করা এই ভিডিওতে ধ্রুব রাঠি প্রশ্ন তোলেন, বিশ্বের অন্যতম ধনী তারকা কেন এখনও এমন ধরনের ক্ষতিকর পণ্যের প্রচার করছেন?
ধ্রুব রাঠি তাঁর ভিডিওতে সম্প্রতি প্রকাশিত রিপোর্টগুলির কথা উল্লেখ করেন, যেখানে দাবি করা হয়েছে জওয়ান অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ এখন ১.৪ বিলিয়ন ডলার (প্রায় ১২,৪০০ কোটি টাকা)।
ধ্রুব রাঠি বলেন, "শাহরুখ খান এখন একজন বিলিয়নেয়ার হয়ে উঠেছেন... তাঁর মোট সম্পদ ১.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ভারতীয় রুপিতে তা প্রায় ১২,৪০০ কোটি টাকা হয়। এটা কল্পনা করাও কঠিন।"
তিনি অনুমান করেন যে, এই বিশাল সম্পত্তি থেকে শাহরুখ বছরে কত টাকা সুদ পেতে পারেন এবং বিলাসবহুল সম্পত্তি, ব্যক্তিগত জেট ও ছুটির দিনের খরচ মেটানোর পরেও তাঁর হাতে কত সম্পদ অবশিষ্ট থাকবে। তারপরেও পান মশলার বিজ্ঞাপন?
এত বিপুল পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও কেন শাহরুখ খান একটি পান মশলা ব্র্যান্ডের প্রচার করছেন, সেই বিষয়ে ধ্রুব রাঠি সরাসরি প্রশ্ন তোলেন। ধ্রুব রাঠি বলেন, "শাহরুখ খানের কাছে আমার প্রশ্ন এটাই, এত টাকা কি যথেষ্ট নয়? যদি যথেষ্ট হয়, তাহলে পান মশলার মতো ক্ষতিকারক জিনিসের প্রচার করার কী এমন বাধ্যবাধকতা রয়েছে?"
তিনি আরও উল্লেখ করেন যে, এই ধরনের বিজ্ঞাপনের জন্য সুপারস্টারকে নাকি ১০০ থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয়। ধ্রুব রাঠি শাহরুখকে অনুরোধ করেছেন, 'আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে একবার হলেও ভাবুন। এর তো একটা সামাজিক প্রভাবও রয়েছে, তা নিয়ে প্লিজ একবার ভাবুন।'
ধ্রুব রাঠি অভিনেতাকে পরামর্শ দিয়ে বলেন, "আসল প্রশ্ন হল, আপনার কি সত্যিই এই অতিরিক্ত ১০০-২০০ কোটি টাকার দরকার আছে? নিজের দিকে তাকিয়ে সৎভাবে এই প্রশ্নটি করুন। এত সম্পদ দিয়ে আপনি আর কী করবেন?"
তিনি শাহরুখকে বৃহত্তর প্রভাবের কথা ভাবতে অনুরোধ করে বলেন, "অন্য দিক থেকে ভেবে দেখুন, দেশের শীর্ষ অভিনেতা যদি এই ক্ষতিকারক জিনিসের প্রচার বন্ধ করে দেন, তবে দেশের উপর এর কী ধরনের প্রভাব পড়তে পারে?"
ধ্রুব রাঠি তাঁর অনুগামীদের কাছে এই বার্তা ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান, যাতে এটি শাহরুখ খানের কাছে পৌঁছায়। বর্তমানে শাহরুখ খান পরিচালক সিদ্ধার্থ আনন্দের 'কিং' ছবির শুটিংয়ে ব্যস্ত, যেখানে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সিও অভিনয় করছেন।